কল্পনা করুন, আপনি গেলেন কাছের একটি দোকানে। পছন্দ করলেন ঘরের কাজ করতে পারে এমন একটি রোবটের নকশা। ফরমায়েশ দিলেন রোবটটি তৈরি করে দেওয়ার জন্য। কয়েক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে গেল রোবট। এমনই একটি কল্পনা বাস্তব রূপ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা। তাঁরা ঘরে ঘরে রোবট পৌঁছে দেওয়ার জন্য এক কোটি ডলারের একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছেন। এমআইটির অধ্যাপক এবং ওই প্রকল্পের প্রধান ড্যানিয়েলা রুস বলেন, আমাদের প্রকল্পের উদ্দেশ্য একটু ব্যতিক্রমী। রোবট কেনাটা এখনকার সময়ে বিলাসিতা ভাবা হলেও একটা সময় আসবে, যখন এটা আর বিলাসসামগ্রী হিসেবে বিবেচিত হবে না। প্রত্যেকে তাদের দৈনন্দিন কাজের জন্য রোবটের ওপর নির্ভর করবে। রোবট হবে নিত্যদিনের সঙ্গী। সমাজের ওপর এর প্রভাব হবে গভীর। রুস আরও বলেন, এ জন্য আমরা রোবট উৎপাদনের খরচ কীভাবে কমানো যায়, সে বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছি। এমনও হতে পারে, ভবিষ্যতে কাগজ অথবা প্লাস্টিক দিয়ে তৈরি হবে রোবট। তিনি জানান, এ প্রকল্পের আরেকটি উদ্দেশ্য বিভিন্ন ডিজাইনের রোবট তৈরির সময় কমিয়ে আনা। আমরা একটি লাইব্রেরি তৈরি করব, যাতে থাকবে রোবটের বিভিন্ন নকশা। স্থানীয় দোকানে গিয়ে নকশা দেখে গ্রাহকেরা ফরমায়েশ দেবে। সে অনুযায়ী তৈরি হবে রোবট। এ প্রকল্পে অর্থায়ন করবে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন। এমআইটি ছাড়াও ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ও হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকেরা এ প্রকল্পে কাজ করবেন।—এএফপি অবলম্বনে রোকেয়া রহমান