ফরিদপুরে বিজ্ঞান জয়োৎসব

ফরিদপুরে অম্বিকা মেমোরিয়াল হলে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। উৎসব চলবে দুপুর পর্যন্ত।
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ বেলুন উড়িয়ে বিজ্ঞান জয়োৎসবের উদ্বোধন করেন। পরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। উৎসবে ৩৫১ জন কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। এ ছাড়া ৪১টি বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপন করা হয়। পরে প্রশ্নোত্তরপর্ব শুরু হয়।
উদ্বোধনী বক্তব্যে জগদীশ চন্দ্র ঘোষ বলেন, বিজ্ঞান আমাদের মধ্যে অনুসন্ধিৎসার জন্ম দেয়। অজানাকে জানার জন্যই কাজ করে বিজ্ঞান। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞানকে আমরা যত বেশি কাজে লাগাতে পারব ততই দেশ ও রাষ্ট্র উপকৃত হবে।

উৎসবে প্রথম আলোর যুব কর্মসূচি ও বিজ্ঞান জয়োৎসবের সমন্বয়ক মুনির হাসান, ফরিদপুরের সিটি ব্যাংকের ব্যবস্থাপক মুনিবর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক লক্ষ্মীরানী পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।