সোনালি দিনগুলো এখনো স্মৃতিতে তরতাজা হয়ে ভাসে। কী দুর্দান্ত দিনই না গেছে! যেখানে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, আমাদের টেক্কা দেওয়ার মতো কেউ ছিল না। আমরা ছিলাম অপ্রতিরোধ্য, আমরা ছিলাম অদ্বিতীয়।
কিন্তু মাঝখানে কোথায় যেন সুর কাটা পড়ল। ধীরে ধীরে আমরা পেছাতে লাগলাম ধাপের পর ধাপ! হারিয়ে যাচ্ছিল আমাদের সোনালি দিনগুলো, হারিয়ে যাচ্ছিল আমাদের ঐতিহ্য, হারিয়ে যাচ্ছিলেন আমাদের সোনালি দিনের কারিগরেরা। কিন্তু আর কত দিন? আমাদের এ পিছিয়ে পড়া এত সহজে আমরা কি করে মেনে নিতে পারি? সোজাসাপটা উত্তর, ‘না! আমরা তা পারি না।’
যেখানে আগে প্রতিবছর আমরা দুর্নীতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম হতাম, সেখানে কি না, আমাদের অবস্থান পেছাতে পেছাতে ১৬তে গিয়ে ঠেকল? এ-ও কি মেনে নেওয়া যায়? আমাদের ঐতিহ্য তাহলে এভাবে হারিয়ে যাবে? কেউ কি নেই তাহলে আমাদের সেই ঐতিহ্য ধরে রাখার?
এই প্রশ্নগুলোই যখন আমাদের মনের জানালা দিয়ে উঁকিঝুঁকি মারছিল, তখনই আমরা আবার মাথাচাড়া দিয়ে দাঁড়াতে শুরু করলাম। ২০১৩ সালে দুর্নীতিতে আমাদের অবস্থান যখন ১৬তে গিয়ে ঠেকল, তখন হায় হায় রব পড়ে গেল সবার মাঝে। কিন্তু না, আমাদের সেই সোনালি অতীত ধরে রাখার জন্য পাকাপোক্ত হাত এখনো আছে।
আমাদের এই ঐতিহ্য ধরে রাখার কারিগরেরা এর দাঁতভাঙা জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেই মাঠে নামেন, এবং তাঁরা স্বভাবতই সফল। এক বছরেই মানে ২০১৪ সালেই তাঁরা আবার ১৪তম স্থানে উঠে আসেন। তারপরও অনেকের মনে সন্দেহ ছিল, আমাদের পুরোনো সেই সহজাত অভ্যাস কালের অতল গহ্বরে হারিয়ে গেল কি না! নিন্দুকের সেই আশায় গুড়েবালি, আমাদের কান্ডারি সব আশঙ্কা ভুল প্রমাণ করে এবারও তাঁদের এগিয়ে যাওয়ার প্রমাণ রেখেছেন। সেই হিসেবে এবার আমরা আরও এক ধাপ এগিয়ে এসেছি, আমাদের অবস্থান এখন ১৩তে!
যদিও অনেকে বলছে ১৩ একটা আনলাকি নম্বর, তাই আমরা আর এগোতে পারব না। কিন্তু আমাদের কান্ডারিরা দৃঢ়ভাবে জানান দিচ্ছেন, ঐতিহ্য ধরে রাখতে অধ্যবসায়ের সঙ্গে কাজ করছেন তাঁরা। আর প্রতিভার অভাব তো তাঁদের কখনই ছিল না, এটা তো তাঁদের জন্য কেবল বাঁ হাতের কাজ! তারা স্ব-স্ব অবস্থান থেকে স্ব-স্ব কাজকর্মে আশ্বাস দিয়ে যাচ্ছেন এগিয়ে যাওয়ার। এবং হয়তো অদূরভবিষ্যতেই আমাদের সেই হারানো অতীত ফিরে আসবে, আমরা গত দুই বছরের ধারাবাহিকতায় আবার দুর্নীতিতে প্রথম হয়ে যাব।
ভুলে গেলে তো চলবে না, ‘ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পার্মানেন্ট!’