কেন এবার বিপর্যয় নেমে এল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলে? তদন্ত করে দেখেছে রস+আলো!
* এবার পাঠ্যসূচিতে নতুন একটি বিষয় যোগ হয়েছিল—আইসিটি। কিন্তু আইসিটি চর্চা করার জন্য যখনই শিক্ষার্থীরা কম্পিউটার অন করত, তখনই তাদের ফেসবুকে লগইন করতে ইচ্ছে করত। তাই তারা পড়ালেখা বাদ দিয়ে ফেসবুক নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ে। তাই অনেকেরই দাবি, অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ থাকলেও ফেসবুক বন্ধ করা হয়নি! তাই ফেসবুকও বন্ধ করে দেওয়া উচিত ছিল!
* অনেক শিক্ষার্থী দাবি করে, এবার শিক্ষা খাতে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট বাড়ানো হয়েছে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ! এমনিই তারা এত কষ্ট করে পড়ালেখা করে, তার ওপর আবার এতে ভ্যাট? এত কষ্ট করে তাহলে পড়ালেখা করার দরকারটা কী? তাদের মনে ঢুকে যায় পড়ালেখা না করলেই তো আর ভ্যাট দিতে হবে না! এটা ছিল তাদের পক্ষ থেকে শিক্ষা খাতে ভ্যাট বাড়ানোর প্রতি অহিংস প্রতিবাদ।
* মাধ্যমিক পরীক্ষার সময় সারা দেশে লাগাতার হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছিল। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগুলোর পরিমাণ ছিল কম। তাই তাদের দাবি, পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় তারা পায়নি, যা ছিল পরীক্ষার প্রস্তুতির সামনে বড় অন্তরায়। অনেকে এটাকেও ফল বিপর্যয়ের অন্যতম কারণ মনে করছে! এ ক্ষেত্রে বিরোধী দল দাবি করছে, এটা সরকারি দলের সুপরিকল্পিত চক্রান্ত, তাদের কারণেই বিরোধী দল হরতাল দিতে পারেনি। তারা এর তীব্র প্রতিবাদও জানায়।
* আরও কয়েকজন শিক্ষার্থীর দাবি, তারা আতঙ্কে ভুগছিল। পরীক্ষাভীতির জায়গায় তখন তাদের মনে ভর করেছিল পেট্রলবোমা-ভীতি। পরীক্ষাভীতিতে যেমন অনেকের জ্বর আসে, তেমনি পেট্রলবোমা-ভীতিতেও অনেকের জ্বর এসেছিল। তাই তাদের পরীক্ষা খারাপ হয়! এখানে আবার সরকার দায়ী করে বিরোধী দলকে।
* বিগত বছরগুলোয় দেখা গেছে, পরীক্ষার আগে আগে ফেসবুকে অনেক সাজেশন আকারে কিছু জিনিস পাওয়া যেত। সেসব সাজেশন আবার পরীক্ষায় কমনও পড়ত। কিন্তু এবার নাকি তাদের অনেককেই এমন ভুল সাজেশন ধরিয়ে দেওয়া হয়, যা পরীক্ষায় আসেনি। যার কারণে পরে তাদের পরীক্ষাও খারাপ হয়! তারা এর তীব্র প্রতিবাদ জানায় এবং এর বিচারও দাবি করে।