
ফলের মেলা বলে কথা। গেট দেখে যে কেউ বুঝে ফেলবে ভেতরে কী হচ্ছে। আনারস, তাল, সফেদা, কাঁঠাল, লিচু ও বাতাবিলেবু দিয়ে তৈরি করা হয়েছে গেটের তোরণ। ভেতরে প্রবেশ করেই চোখ ছানাবড়া। ফল দিয়ে পিরামিড করা হয়েছে। দর্শনার্থীরা এর পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। এই ফলের পিরামিডের দেখা মিলল ঢাকার খামারবাড়িতে অনুষ্ঠিত ‘জাতীয় ফল প্রদর্শনী ও ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ২০১৪’-এ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই ফল প্রদর্শনী চলে ১৮ জুন পর্যন্ত। উত্তরাঞ্চল, ভাওয়াল ও মধুপুর গড়ের স্টলে ছিল বাহারি সব আম—রানীপছন্দ, গ্রেট বোম্বাই, চমক, গোলাপখাস, ক্ষীরশাপাত, কোহিতুর, কালা পাহাড়, অনন্দপুরী, সূর্যমুখী, সুবর্ণরেখা, বাদশাভোগ, সীতাভোগ, লালুভোগ, গোপালভোগ, মিশ্রীভোগ, কলার মতো দেখতে ব্যানানা আম, আপেল আম। শুধু িক আম! লিচু, গোলপাতা ফল, নারকেল, ঢেউয়া, খেজুর, কাউফল, জংলি বাদাম ইত্যাদিও দেখা গেল এখানে। এ ছাড়া সিলেটের সাতকরা, ডেউয়া ফল, রাঙামাটির ঝুমকা কাঁঠাল, রাংগুয়াই আম, গুটগট্যা, বান্দরবানের কাজুবাদাম, ড্রাগন ফল, অগ্নিশ্বর কলা ও লম্বা নারকেিল লেবু সবার নজর কাড়ে খুব।
এম এ হান্নান