সুকুমার রায় তাঁর ‘খিচুড়ি’ ছড়াটিতে বিভিন্ন প্রাণীর সংকর রূপ দেখিয়েছিলেন। সংকর প্রাণী আমাদের কী উপকারে আসবে, সেই বিতর্কে না যাওয়াই ভালো। তবে দেশি কিছু ফলের যদি সংকর হতো, তাহলে মন্দ হতো না। এই দুর্মূল্যের বাজারে অন্তত একই দামে দুটি ফল খেয়ে জীবনটা রসাল করতে পারত আমজনতা। সেটা ভেবেই এই প্যারোডি।
ফলের খিচুড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁপে ছিল, পেয়ারা, (ব্যাকরণ মানি না)
হয়ে গেল ‘পেঁপেয়ারা’ কেমনে তা জানি না।
আম কয় জামরুলে, ‘বাহবা কী ফুর্তি!
অতি খাসা আমাদের “আমরুল” মূর্তি!’
তালমুখো আতাটার মনে ভারি শঙ্কা—
কিনবে তো লোকজন দিয়ে কাঁচা টঙ্কা?
কাঁঠালের পেটে ছিল না জানি কী ফন্দি,
লটকনে হয়ে গেল শেষমেশ সন্ধি!
আনারস পারে না তো মগডালে ঝুলতে
বেদানার মতো সেও চায় খুব দুলতে।
লিচু বলে, ‘কী যে বলো! লজ্জার কিছু নাই,


চুকাইয়ের সাথে মিলে হয়ে গেছি “লিচুকাই”!’
জাম বলে, ‘আমারেও ধরল কি ও রোগে?
তরমুজ কী যে ব্যাধি, সে-ই জানে, যে ভোগে!’
গাবের তো কাঁটা নেই, এই তার কষ্ট—
বরইয়ের সাথে মিলে কাঁটা হলো পষ্ট।