ফলের ছবিতে বিপদ!
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রকাশিত বহু-বর্ণিল মৌসুমি ফলের সুন্দর ছবিগুলোও আপনার বিপদ ডেকে আনতে পারে। সম্প্রতি কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ফলের থিমযুক্ত নানা স্প্যাম ছড়াচ্ছে। তাই ফলের সুন্দর ছবিতে ক্লিক করা থেকে সাবধান। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ।যুক্তরাষ্ট্রের কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, ফলের ছবিতে ক্লিক করলে ব্যবহারকারী এমন একটি লিংকে চলে যেতে পারেন যা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সংক্রান্ত নানা তথ্য চুরি করতে পারে এবং তা থেকে অর্থ হাতিয়ে নিতে পারে। এ ছাড়াও ব্যবহারকারীর পোস্ট করা ছবিতে স্প্যামযুক্ত মন্তব্যের লিংক পোস্ট করতে পারে।এ ধরনের থিমযুক্ত স্প্যাম সম্পর্কে ইনস্টাগ্রামের বর্তমান মালিকানা প্রতিষ্ঠান ফেসবুক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। ২০১২ সালে ছবি তোলা ও শেয়ার করার জন্য আইফোন, আইপ্যাড ও আইপড টাচের অন্যতম জনপ্রিয় অ্যাপ্লিকেশন ‘ইনস্টাগ্রাম’ কিনে নিয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। এ অ্যাপ্লিকেশনটি কিনতে এক বিলিয়ন ডলার খরচ করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ২০১০ সালে আইওএস অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন হিসেবে চালু হয়েছিল ইনস্টাগ্রাম।