ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই সুন্দরবনের গাছপালা ও প্রাণীদের জন্য নদীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে সার! l ছবি: প্রথম
এভাবেই সুন্দরবনের গাছপালা ও প্রাণীদের জন্য নদীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে সার! l ছবি: প্রথম

সুন্দরবনের ভোলা নদীতে সারবাহী জাহাজডুবিতে যথারীতি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রস+আলো পাঠকদের জন্য ফাঁস করে দেওয়া হলো তদন্ত কমিটির গোপন সেই প্রতিবেদন!

দুর্ঘটনার কারণ
নদীটির ফিটনেসজনিত সমস্যা ছিল। অনেক দিন ধরে ব্যায়াম না করায় নদীর পেটে পলি জমে সৃষ্টি হয়েছিল ডুবোচর। ফলে জাহাজটি ওই ডুবোচরে আটকা পড়ে।
একটি অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পর দেশে যখন স্থিতিশীল অবস্থা বিরাজ করছে, তখন দুষ্কৃতকারীরা আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ঘটনা ঘটিয়েছে।
জাহাজটি ধরে দুষ্কৃতকারীরা নড়াচড়া করার কারণেই মূলত এ দুর্ঘটনা।
জাহাজটিতে পেট্রলবোমা মারায় চালক নিয়ন্ত্রণ হারান। ফলে জাহাজটি ডুবে যায়। তবে সেটি পানিতে থাকায় আগুন ধরেনি।
ভূমিকম্প জাহাজডুবির আরেকটি কারণ। নগর উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতিবিহীন নকশা অনুযায়ী জাহাজ তৈরি করায় নদীমাতৃক ভূমিকম্পের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়!
জাহাজচালক ও শ্রমিকের মধ্যে রোনালদো-মেসি নিয়ে টক শো চলছিল। হঠাৎ ওই টক শো ফাইট শোতে পরিণত হওয়ায় চালক জাহাজের নিয়ন্ত্রণ ছেড়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ফলে দুর্ঘটনাটি ঘটে। 

ক্ষয়ক্ষতির পরিমাণ

মিউরেট অব পটাশ (এমওপি) সার পানিতে মিশে যাওয়ায় সুন্দরবনের উদ্ভিদ ও জলজ প্রাণীদের কোনো ক্ষতি হবে না, বরং উপকারই হবে।

উপকারিতা

গাছের গোড়ায় মিউরেট অব পটাশ (এমওপি) সার দিলে গাছ উর্বর ও সতেজ হয়। সুতরাং সুন্দরবনের গাছগুলোর গোড়ায় এমওপি সারযুক্ত পানি গেলে গাছগুলো আরও উর্বর ও সতেজ হবে।

গরু মোটাতাজাকরণে সার ব্যবহার করা হলে মাছ মোটাতাজাকরণে কেন নয়? সারযুক্ত পানি পান করে মাছ মোটাতাজা হবে আর জেলেরা হবেন লাভবান।

আগে কৃষকদের সার কিনে জমিতে দিতে হতো। এখন কৃষকেরা সেচের পানির সঙ্গে ফ্রি সারও পাবেন। একের ভেতর দুই! 

বিশেষ দ্রষ্টব্য

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রস‍+আলোর ফাঁস করা তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। তদন্ত কমিটি এখনো তদন্তের কাজ শুরুই করেনি! সুতরাং তদন্ত প্রতিবেদন ফাঁস হওয়ার প্রশ্নই আসে না!