ফাইবার অপটিক তারের কার্যক্রম বাড়াচ্ছে বেলডেন
বড় প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত নানা কার্যক্রমে প্রায় ৭০ শতাংশ সমস্যা সৃষ্টি হয় সংযোগের জন্য উন্নতমানের ফাইবার অপটিক তার (কেব্ল) ব্যবহারের অভাবে। আর এ জন্যই প্রযুক্তির সঠিক সেবা পেতে হলে অবশ্যই মানসম্পন্ন তার ব্যবহার করা উচিত। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে বিশ্বখ্যাত তার নির্মাতা প্রতিষ্ঠান বেলডেন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সার্ক অঞ্চলের হেড অব এন্টারপ্রাইজ নেটওয়ার্কের পবন মহাজন এক সেমিনারে এ কথা বলেন। একই সঙ্গে বাংলাদেশে বড় আকারে বেলডেনের কার্যক্রম শুরুরও ঘোষণা দেন তিনি। বেলডেন ইউএসএ ও প্রতিষ্ঠানটির বাংলাদেশি পরিবেশক এক্সপ্রেস সিস্টেম লিমিটেড (ইএসএল) দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে পবন মহাজান বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রযুক্তিগত কার্যক্রমের পরিধি বাড়ছে। এসব প্রতিষ্ঠানে প্রযুক্তিগত কাজে ব্যবহূত হচ্ছে তার। কিন্তু উন্নতমানের ফাইবার অপটিক তারের অভাবে নানাভাবে তথ্য আদান-প্রদান করা যাচ্ছে না। এ ক্ষেত্রে বেলডেনের উন্নত তার ভূমিকা রাখবে।’সেমিনারে সার্ক অঞ্চলের কারিগরি সেবা বিশেষজ্ঞ গৌরব ধামিজা বেলডেন তারের নানা দিক নিয়ে কথা বলেন। তিনি বলেন, প্রযুক্তিগত কাজে যত দ্রুত তথ্য আদান-প্রদান হবে, প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ তত সহজেই সম্পন্ন হবে। এ ক্ষেত্রে বেলডেনের বেশ নামডাক রয়েছে। তিনি জানান, সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেট, ফুটবল, অলিম্পিকসহ আইপিএলের মতো খেলা প্রচারের কাজসহ বিশ্বের অনেক নামী-দামি প্রতিষ্ঠানে ব্যবহূত হচ্ছে বেলডেনের তার। ইন্টারনেট, অডিও, ভিডিওসহ নানা ধরনের তথ্য আদান-প্রদানে বেলডেনের তার অন্যান্য তার থেকে অনেক বেশি গতিসম্পন্ন ও দীর্ঘস্থায়ী। তিনি আরও জানান, এই তার দিয়ে একসঙ্গে ৪৫ হাজার পোর্টে কাজ চালানো যায় এবং এটি অনেক অবাঞ্ছিত শব্দ দূর করে। উন্নত ও মানসম্পন্ন হওয়ায় এগুলো ব্যবহারে দুর্ঘটনার সম্ভাবনাও কম। বাংলাদেশের বড় প্রতিষ্ঠানগুলো এই তার ব্যবহার করে অনেকে উপকৃত হবে বলে মনে করেন গৌরব ধামিজা। —নিজস্ব প্রতিবেদক