ফাইল গুছিয়ে রাখবে উইন্ডোজ লাইব্রেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অনেক সুবিধা আছে, যেগুলো আমরা কোনো কারণ ছাড়াই হয়তো এড়িয়ে চলি। উইন্ডোজের লাইব্রেরি তেমনি একটি। চমৎকার এ সুবিধা ব্যবহার করে নিজেদের ছবি, গান, ভিডিও, ওয়ার্ড, এক্সেল, পিডিএফ ফাইল সবকিছু ভাগ ভাগ করে গুছিয়ে রেখে প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যায়। পরিমাণে কমবেশি এসব ফাইলপত্র কম্পিউটারের যেকোনো ড্রাইভেই থাকুক না কেন, সবকিছুই লাইব্রেরিতে যোগ করা যাবে।
যেভাবে সাজাবেন
উইন্ডোজ ৭ বা ৮-চালিত সিস্টেমে কম্পিউটার বা ফাইল এক্সপ্লোরার খোলার পর বাঁ পাশের প্যান থেকে Libraries নির্বাচন করলে আগে থেকেই তৈরি করে রাখা উইন্ডোজের নিজস্ব লাইব্রেরি উপাদানগুলো দেখা যাবে। এখানে খালি জায়গায় ডান ক্লিক করে New>Library অপশন চেপে নিজের লাইব্রেরির উপাদান বানানো যাবে। নিজের কোনো ফোল্ডার লাইব্রেরিতে যোগ করতে চাইলে ডকুমেন্টস, মিউজিক, পিকচারস, ভিডিও অথবা নিজের বানানো উপাদানে ডান ক্লিক করে প্রপার্টিজে গেলে Include Folder (উইন্ডোজ ৭) অথবা Add (উইন্ডোজ ৮) বোতাম চেপে ফোল্ডারটির অবস্থান দেখিয়ে দিন। তারপর Apply ও OK করুন।
উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীরা অবশ্য লাইব্রেরি সুবিধাটি প্রথমে লুকানো অবস্থায় পেতে পাবেন। এটি দেখতে চাইলে কম্পিউটার বা ফাইল এক্সপ্লোরার খুলে রিবন মেনুর View> Navigation Pane> Show Libraries অপশনে অথবা বাঁ পাশের প্যানের খালি জায়গায় ডান ক্লিক করে সেখান থেকে Show libraries অপশনে ক্লিক করতে হবে। উইন্ডোজ ৮.১-এর লাইব্রেরিতে স্কাইড্রাইভ (বর্তমানে ওয়ানড্রাইভ), ইউএসবি পেনড্রাইভ এবং এসডি কার্ডও যুক্ত করা যায়। ফোল্ডারে থাকা ফাইলপত্র পরিমাণে খুব বেশি হলে সেগুলো লাইব্রেরিতে যোগ হতে অল্প একটু সময় লাগতে পারে। ভুল করে অন্য কোনো ফোল্ডার লাইব্রেরিতে যোগ করে ফেললে আগের মতোই লাইব্রেরি আইটেমে ডান ক্লিক করে প্রপার্টিজে গেলে সব ফোল্ডারের তালিকা দেখা যাবে। সেখান থেকে নির্দিষ্ট ফোল্ডারটি বাছাই করে Remove চেপে Apply করলেই তা মুছে যাবে।
— মঈন চৌধুরী