ফাইল ভাগাভাগির তালিকা দেখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের প্রয়োজনে মাঝেমধ্যেই নিজের কম্পিউটার ফাইল বা ফোল্ডার নেটওয়ার্কে থাকা অন্য ব্যবহারকারীদের সঙ্গে ভাগাভাগি করতে হয়ে। নিজের কম্পিউটারের কোন কোন ড্রাইভ থেকে কী কী ফাইল ফোল্ডার ভাগাভাগি (শেয়ার) করা হয়েছে, একপর্যায়ে সেগুলো মনে না-ও থাকতে পারে। এগুলো দেখার দুটি পদ্ধতি আছে। তার আগে দেখা যাক একটি ফোল্ডার কীভাবে লোকাল এরিয়া নেটওয়ার্কে (ল্যান) খুব সহজে ভাগাভাগি করা যায়।
যে ফোল্ডারটিকে শেয়ার করবেন, সেটিতে ডানে ক্লিক করুন। তারপর শেয়ারিং ট্যাবে ক্লিক করুন। উইন্ডোজ এক্সপির বেলায় শেয়ারের একটি নাম দিয়ে ‘অ্যালাউ নেটওয়ার্ক ইউজারস টু চেঞ্জ মাই ফাইল’ অপশনে টিক দিলে সেটি নেটওয়ার্ক ব্যবহারকারীরা পরিবর্তন করতে পারবেন। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে শেয়ার বা অ্যাডভান্স শেয়ার নামের দুটি বোতামে ক্লিক করে ফাইল ভাগাভাগি করা যাবে। শেয়ার বোতামে ক্লিক করলে অ্যাড মেনু থেকে এভরিওয়ান বাছাই করে শেয়ার চাপুন। অ্যাডভান্সড শেয়ার বোতামে ক্লিক করলে শেয়ার দিস ফোল্ডারে টিক দিয়ে ওকে করুন। শেয়ার করা ফাইল যদি নেটওয়ার্ক ব্যবহারকারীদের পরিবর্তন করার সুযোগ দিতে চান, তাহলে পারমিশনে ক্লিক করে সব কয়টি অপশনে টিক দিয়ে দিন।
এবার নিজের বা অন্যদের শেয়ার করা এসব ফাইল দেখবেন কীভাবে? ডেস্কটপ বা ফাইল এক্সপ্লোরার থেকে নেটওয়ার্ক আইকনে ক্লিক করুন। একই নেটওয়ার্ক বা হোম গ্রুপে থাকা কম্পিউটারগুলো দেখা যাবে। এবার নির্দিষ্ট কম্পিউটারে ক্লিক করলে সেখান থেকে শেয়ার করা সব ফোল্ডার দেখা যাবে।
শেয়ার করা ফোল্ডার দেখার দ্বিতীয় পদ্ধতিটি হলো কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে দেখা। এ জন্য মাই কম্পিউটার বা কম্পিউটার আইকনে ডান ক্লিক করে ম্যানেজ অপশনে ক্লিক করুন। অথবা কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেমস অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, তারপর কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করুন। কম্পিউটার ম্যানেজমেন্ট টুল খুললে বাঁয়ের প্যান থেকে শেয়ারড ফোল্ডারে ক্লিক করুন। এবার শেয়ারস অপশনে ক্লিক করলেই নিজের শেয়ার করা সমস্ত ফাইল ফোল্ডারের তালিকা পাওয়া যাবে। এ তালিকার গুরুত্বপূর্ণ এবং কাজের একটি দিক হলো, কোন কোন ড্রাইভ থেকে কী কী ফাইল শেয়ার করা, তার অবস্থান জানা যাবে। এমনকি ভাগাভাগি করা ফাইলের অনুমতি সংশোধন করাসহ সেগুলো বন্ধও করে দেওয়া যাবে এখান থেকে। —মঈন চৌধুরী