ফাইলের কাজ হবে দ্রুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ফাইল কপি, সরানো বা মোছার আগে প্রথমেই সেগুলোকে নির্বাচন করতে হয়। কীভাবে কতগুলো নির্বাচন করবেন সেটা নির্ভর করছে আপনার প্রয়োজনের ওপর। ফাইল নির্বাচন করা হয়ে গেলে বাকি কাজটা সহজই।
ফোল্ডারে রাখা সব ফাইল নির্বাচন করতে চাইলে Ctrl + A কি-বোর্ড শর্টকাট চাপতে হবে। এক সারিতে পর পর রাখা কিছু ফাইল নির্বাচন করতে চাইলে সারির প্রথম ফাইলটি নির্বাচন করে Shift চেপে ধরে প্রয়োজনীয় শেষ ফাইলে ক্লিক করলে এ দুই ফাইলের মধ্যে থাকা সবগুলো ফাইল নির্বাচিত হবে। এখন যদি ছড়ানো-ছিটানো একাধিক ফাইল একটা একটা করে নির্বাচন করতে চান তাহলে এক হাতে Ctrl চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করে করে দরকারি ফাইলগুলো নির্বাচন করতে পারবেন।
আবার যদি একটা ফোল্ডারে ছড়িয়ে থাকা অনেকগুলো ফাইল থেকে শুধু নির্দিষ্ট ফরম্যাটের ফাইল নির্বাচন করতে চান, যেমন .jpeg বা .doc ফাইলগুলো একসঙ্গে নির্বাচন করতে চান তাহলে সেটাও সম্ভব। ওই ফোল্ডারের খালি জায়গায় ডান ক্লিক করে Group by> Type ক্লিক করলে ফাইলের ধরন অনুযায়ী সেগুলো গ্রুপে বিন্যস্ত হবে। তারপর কাঙ্ক্ষিত গ্রুপের ওপরের লাইনে ক্লিক করলে সব ফাইল নির্বাচিত হয়ে যাবে।
এভাবে ফাইল নির্বাচন করা হয়ে গেলে কি-বোর্ডের Ctrl + C চেপে ফাইল কপির কাজটি করতে পারেন। যদি সেগুলো অন্যত্র সরিয়ে নিয়ে চান তাহলে কি-বোর্ডের Ctrl + X চাপতে হবে। তারপর আপনার নির্ধারিত জায়গায় বা ফোল্ডারে ফাইলগুলো নিতে চাইলে সেখানে গিয়ে কি-বোর্ডের Ctrl + V বোতাম চাপতে হবে।
মাউস দিয়ে টেনে ধরে ফাইল সরানো বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও ফাইল ব্যবস্থাপনার কাজ করা যায়। এ ক্ষেত্রে উইন্ডোজের কিছু নিয়ম আছে। যেমন ফাইল টেনে একই ড্রাইভে রাখা অন্য ফোল্ডারে নিলে সেটি আগের অবস্থান থেকে মুছে নতুন জায়গায় চলে আসবে, অন্য ড্রাইভে করলে সেটি কপি হবে। আবার Ctrl চেপে ধরে কাজটি করলে সেটি সব সময়ই কপি হবে, কোন ড্রাইভে করলেন সেটি কোনো বিষয় নয়। এদিকে Shift চেপে ধরে কাজটি করলে এটি সব সময় ফাইলকে আগের অবস্থান থেকে মুছে অন্যত্র চলে আসবে। — মঈন চৌধুরী