ফায়ারফক্সচালিত স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে আসছে জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম ফায়ারফক্সচালিত স্মার্টফোন। ওয়েবসাইট দেখার জনপ্রিয় এই সফটওয়্যারটি এবার তৈরি করেছে স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেম (ওএস)। আর ফায়ারফক্স ওএস-চালিত স্মার্টফোন চলতি বছরেই বাজারে আসছে বলে জানা গেছে। স্মার্টফোন বাজারে নিয়ে আসছে জেডটিই। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন জেডটিইর প্রধান নির্বাহী চেং লিক্সিন। বর্তমানে বাজারে শীর্ষে থাকা অ্যান্ড্রয়েডচালিত ফোনগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই ফায়ারফক্স ওএস-চালিত নতুন স্মার্টফোন বাজারে আসছে বলে জানা গেছে। এ বিষয়ে ফায়ারফক্স ওয়েব ব্রাউজার নির্মাতা মজিলা ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জে সুলিভান বলেন, ‘ফায়ারফক্স ওএস-চালিত ফোনের প্রতি ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ দেখা গেছে। আশা করছি, খুব শিগগিরই নতুন এ স্মার্টফোন ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।’ নতুন ফায়ারফক্স ওএস তৈরিতে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ও টিসিএল কমিউনিকেশন টেকনোলজির সঙ্গে মজিলা কাজ করছে বলেও জানান তিনি।নতুন ওএস-চালিত স্মার্টফোনটি দাম কেমন হবে এ বিষয়ে কিছু জানা যায়নি। এ জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।—বিবিসি অবলম্বনে কাজী আলম