ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স কখনো অনেকখানি সিস্টেম র্যা ম দখল করে রাখে এবং হুটহাট বন্ধ (ক্র্যাশ) হয়ে গিয়ে কম্পিউটারের স্বাভাবিক কাজকে বিঘ্নিত করে। ফায়ারফক্সে হঠাৎ বন্ধ হওয়া ঠেকাতে কিছু কাজ করে নিতে হবে।
যেভাবে বুঝবেন
ফায়ারফক্সে ওয়েবসাইট দেখার সময় Ctrl+Alt+Del চেপে সিস্টেমের টাস্ক ম্যানেজার চালু করলে কত বেশি র্যাম দখল করে অন্যান্য কাজকে ধীর করে দিচ্ছে সেটি দেখা যাবে। আবার কখনো বেশি পরিমাণে অ্যাড-অন প্রোগ্রাম করলে এমনটা হয়ে থাকে।
যা করবেন
র্যা মের মেমোরি মুক্ত করতে হবে। এ জন্য ফায়ারফক্সে ইনস্টল ও সক্রিয় হয়ে থাকা প্রতিটি অ্যাড-অনের জন্য আলাদা মেমোরি খরচ দেখতে একটি অ্যাড-অন ইনস্টল করতে হবে। ফায়ারফক্স ব্রাউজার থেকে https://goo.gl/R3YrXP ঠিকানায় গিয়ে Add to Firefox চেপে ‘অ্যাবাউট অ্যাড-অনস মেমোরি’ ব্রাউজারে যোগ করে নিন। এখন নতুন একটি ট্যাব খুলে about:addons-memory লিখে এন্টার করুন। এই পাতায় থাকা অ্যাড-অনগুলো কত মেমোরি খরচ করছে সেটি দেখতে পাবেন। পাতার নিচে Minimize memory usage-এ ক্লিক করে অপেক্ষা করুন। কমপক্ষে ৫০% ফাঁকা হবে। এটি দেখতে আবারও Ctrl+Alt+Del চেপে টাস্ক ম্যানেজার চালু করে আগের মেমোরি খরচের সঙ্গে তুলনা করে নিন।
হুটহাট বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে ফায়ারফক্সের থিমস, এক্সটেনশন ব্যবহারে সীমাবদ্ধতা আনতে হবে অথবা সেফ-মুডে চালাতে হবে। এ জন্য Win Key+R চেপে Run চালু করুন। এখানে firefox.exe-safe-mode লিখে এন্টার করুন। Firefox Safe Mode ডায়ালগ বক্স এলে Start in Safe Mode বোতামে ক্লিক করলে ইনস্টল থাকা অ্যাড-অন, থিমস, হার্ডওয়্যার এক্সিলারেশন, টুলবার সাময়িকভাবে বন্ধ হয়ে ব্রাউজার চালু হবে। নির্বিঘ্নে ওয়েবসাইট দেখা যাবে। Refresh Firefox বোতামে ক্লিক করলে অ্যাড-অনের কাস্টমাইজেশন মুছে যাবে এবং ফায়ারফক্স শুরুর সেটিংসে (ডিফল্ট) ফিরে যাবে। সেফ-মুডে চালানোর পরও যদি সমস্যা থেকে যায় তাহলে বুঝতে হবে কম্পিউটারের যান্ত্রিক সমস্যা আছে। আর রিফ্রেশ ফায়ারফক্স সব ঠিকঠাক করে আপনাকে নতুনভাবে চালানোর সুযোগ করে দেবে।