ফারাও শাসনের শুরু কবে?
মিসরের পিরামিডের সঙ্গে ফারাও শাসকেরা ওতপ্রোতভাবে জড়িত। কারণ পিরামিডে রয়েছে দেশটির সবচেয়ে পুরোনো শাসক হিসেবে পরিচিত ফারাওদের সমাধি। তবে ফারাও রাজাদের শাসনামল শুরুর সঠিক সময় নিয়ে বিশেষজ্ঞদের মতপার্থক্য রয়েছে। সম্প্রতি নতুন এক গবেষণার ভিত্তিতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ গতকাল বুধবার বলেন, ফারাও শাসনামল শুরুর সময়টা ছিল খ্রিষ্টপূর্ব ৩১১১ থেকে ৩০৪৫ অব্দের মধ্যে। তবে আগে ধারণা করা হতো, সময়টা ছিল খ্রিষ্টপূর্ব ৩৪০০ থেকে ২৯০০ অব্দের মধ্যে। প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষকেরা ফারাও সমাধিক্ষেত্রে প্রাপ্ত চুল, হাড়, উদ্ভিদের ধ্বংসাবশেষসহ অন্তত ১০০ নমুনার রেডিওকার্বন পরীক্ষা করেন। এসব তথ্যের ভিত্তিতে প্রথম ফারাও শাসক আহার শাসনকাল নির্ণয় করা হয়, যার সম্ভাব্যতা ৬৮ শতাংশ। এএফপি।