
বিতার্কিক, উপস্থাপক, কথাবন্ধু, আবৃত্তিকার, রবীন্দ্রসংগীতশিল্পীই নন, রান্না প্রতিযোগিতায় অংশ নিয়েও যখন সারা দেশের মধ্যে তৃতীয় হন, তখন আর ফাল্গুনীকে গুণবতী না বলে উপায় কী!
ফাল্গুনীর পুরো নাম ফাল্গুনী মজুমদার। পড়ছেন ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। তারও আগে চৌকাঠ পেরিয়েছেন নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রাজশাহী নিউ গভর্নমেন্ট কলেজের। কলেজে পড়ার সময় থেকে দেশাত্মবোধক গানের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করেছেন রাজশাহী বেতারে। এখন ছায়ানটে রবীন্দ্রসংগীতে সমাপনী বর্ষের শিক্ষার্থী।
শুধু কলেজ নয়, সেই স্কুলজীবন থেকেই ফাল্গুনীর মেধার ঝিলিক পড়ে দশদিকে। রেল কর্মকর্তা বাবা মঞ্চে নাটক করতেন আর মা হলেন গানপাগল, তাই ফাল্গুনীর বেড়ে ওঠা সাংস্কৃতিক আবহে। যেমনটি ফাল্গুনী বলছিলেন, ‘আমার মা ভীষণ রকম গান পছন্দ করেন। তাই আমাকে যেদিন স্কুলে ভর্তি করানো হয়, সেদিনই গানের স্কুলেও ভর্তি করান।’ আবৃত্তি ও বিতর্কের চর্চা শুরু হয় বাবার হাত ধরে সেই স্কুলজীবনেই। আর জাতীয় শিশু সপ্তাহে তৃতীয় পুরস্কার পেয়ে সেই চর্চার আগ্রহ বেড়ে যায় আরও বহু গুণ।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম বছরেই আন্তবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতায় হন দ্বিতীয়। ২০১১ সালে আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন ফাল্গুনীর দল। আর সে দলের দলনেতা হিসেবে পুরস্কার হাতে সেই সোনালি দিনের কথা বারবার মনে উঁকি দেয়। শুধু নিজে প্রতিযোগিতা করেননি, বিতর্কের বিচারক কিংবা প্রশিক্ষক হয়ে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন জেলায়। উপস্থাপনা করেছেন বাংলাদেশ টেলিভিশনে ‘সুপ্রভাত বাংলাদেশ’ নামের অনুষ্ঠান। কথাবন্ধু হিসেবেও কাজ করেছেন এফএম রেডিওতে। নানা মাধ্যমে যাঁর পদচারণ, সেই সব্যসাচী ফাল্গুনীর কিন্তু প্রথম পছন্দ বিতর্ক। ‘আমি বিতর্ক ভালোবাসি। কারণ, কোনো বিষয়ে বিতর্ক করতে গেলে সে বিষয়ে পুরোপুরি জানতে হয়।’ ফাল্গুনীর সরল স্বীকারোক্তি।