
সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা দেওয়া মেয়েটির বয়স সবে ১৭। কিন্তু বয়সের তুলনায় অনেক ভারী স্বপ্নের বোঝা মাথায় তুলে নিয়েছে। বাংলা গানের অনেক বড় শিল্পী হওয়ার স্বপ্নে বিভোর মেয়েটির স্বপ্ন এখন গানকে ঘিরেই। নাম ফাহমিদা হক। সবার কাছে আপন নামেই পরিচিত।
ফাহমিদার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সদরে। গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফাহমিদা চতুর্থ শ্রেণীতে পড়ার সময় মা নাদিরা জামানের ব্যক্তিগত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত ‘সংগীত নিকেতন’-এ প্রথম গানের তালিম নেয়। পঞ্চম শ্রেণীতে ওঠার পর স্থানীয় ওস্তাদ এম এ হাইয়ের কাছ থেকে তালিম নেয় বেশ কিছু দিন। এরপর জেলা শিশু একাডেমী ও জেলা শিল্পকলা একাডেমী থেকে সংগীত প্রশিক্ষণ নেয়। নিয়মিত রেওয়াজ করে ফাহমিদা। সকালে ঘুম থেকে জেগে প্রথমে গানের রেওয়াজ, তারপর পাঠ্যবই। গান শুনিয়ে কলেজের বন্ধু ও শিক্ষকদের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠা আপন মফস্বলের সীমানা পেরিয়ে জাতীয় অঙ্গনে পা রাখতে শুরু করেছে। ২০০৮ সালে বাংলাদেশ টেলিভিশনে গান গেয়েছে। সম্প্রতি মালেক বিশ্বাস পরিচালিত প্রেম পবিত্র নামের একটি চলচ্চিত্রের জন্য একটি একক ও একটি দ্বৈত গানের রেকর্ডিং শেষ। ২০১১ সালে জাতীয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করা ফাহমিদার আপন ভুবন এখন সংগীত। চলছে প্রথম একক অ্যালবামের কাজও। মা নাদিরা জামান কলেজশিক্ষক। কিন্তু গানের প্রতি অনুরক্ত। র্যাবের কর্মকর্তা বাবা এ কে এম নাজমুল হকও একসময় গান করতেন। স্মৃতি হাতড়ে তিনি জানান, ১৯৯৯ সালে বাংলাদেশ টেলিভিশনের প্রচারিত ‘অর্নিবাণ’-এ গান গেয়েছেন। মা-বাবা দুজনের স্বপ্নই মেয়ে একদিন গান গেয়ে দেশের মানুষের মনে জায়গা করে নেবে। মা-বাবার স্বপ্ন পূরণ করার জন্য সঠিক পথেই হাঁটছে মেয়ে।
ফাহমিদা বলে, একজন সত্যিকারের ভালো মানুষ হওয়া এবং একদিন দেশখ্যাত শিল্পী হওয়া তার জীবনের প্রধান স্বপ্ন।