ফায়ারফক্স ব্রাউজারে ফ্ল্যাশ বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়ারফক্স ব্রাউজার
ফায়ারফক্স ব্রাউজার

ফায়ারফক্স ব্রাউজারে সব ধরনের ত্রুটিপূর্ণ অ্যাডোব ফ্ল্যাশ সংস্করণ বন্ধ করে দিয়েছে মোজিলা। এ প্ল্যাটফর্মে বেশ কিছু জটিল নিরাপত্তা ত্রুটির খোঁজ পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে মোজিলা। ফায়ারফক্সের সাপোর্ট বিভাগের প্রধান মার্ক স্মিড টুইটারে এ ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি ইতালির স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হ্যাকিং টিমের ৪০০ গিগাবাইট তথ্য হ্যাক হয়ে যায়। ওই তথ্য অনলাইনে ফাঁস হওয়ার পর তাতে ফ্ল্যাশের তিনটি বড় ধরনের ত্রুটি খুঁজে পান প্রযুক্তি বিশেষজ্ঞরা। এই বিষয়টি নিয়ে অ্যাডোব কর্তৃপক্ষও সচেতন হয়। তারা বলছে, এ সপ্তাহের মধ্যেই নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে তা ঠিক করে ফেলা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব এ তথ্য জানিয়েছে।
মোজিলা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাডোব কর্তৃপক্ষ নিরাপত্তা প্যাঁচ না আনা পর্যন্ত ফ্ল্যাশ সমর্থন বন্ধ রাখবে তারা। বর্তমানে ফ্ল্যাশ ফাইলের জন্য এসডব্লিউএফ ফরম্যাট সমর্থন করতে স্যামওয়ে নামের এইচটিএমএল ৫ ভিত্তিক একটি রেন্ডারার টুল বা সফটওয়্যার নিয়ে পরীক্ষা চালাচ্ছে তারা।