ফায়ারফক্সে খোলা যাবে অ্যাকাউন্ট
ওয়েবসাইট দেখার জনপ্রিয় মুক্ত সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সে এবার ব্যবহারকারীরা অ্যাকাউন্ট খুলতে পারবেন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ সুবিধা চালু করা হয়। এর ফলে ফায়ারফক্স ব্যবহারকারীরা ফায়ারফক্স সিংক্রোনাইজেশন পদ্ধতিটি সহজেই ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারী চাইলে নিজের পাসওয়ার্ড, বুকমার্কস, ব্যবহারের হিস্টোরি, একই সঙ্গে থাকা ব্যবহূত ট্যাবগুলো একবার ব্যবহারের পর পরবর্তী সময়ে একই রকম পেতে পারেন। অর্থাৎ কম্পিউটারে যেসব ওয়েবসাইটে থাকবেন, যতগুলো ট্যাব খোলা থাকবে, চাইলে পাসওয়ার্ড সংরক্ষণসহ সবকিছুই স্মার্টফোন কিংবা ট্যাবলেটেও পেতে পারেন।
এ ছাড়া নিজের অ্যাকাউন্ট থেকে যেসব বুকমার্কস, অ্যাড-অনস ব্যবহার করবেন, তা অন্য যেকোনো কম্পিউটারে কিংবা ট্যাবলেটে একই অ্যাকাউন্টের তথ্য দিয়ে প্রবেশ করে সব কটি সুবিধাই পাওয়া যাবে। এ সুবিধা দিতে ইতিমধ্যে একই ব্রাউজারভিত্তিক এনক্রিপশন নিয়ে কাজ চলছে বলেও জানা গেছে। বর্তমানে যাঁরা ফায়ারফক্সের পরবর্তী পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করছেন, তাঁরা চাইলেই নতুন এ সুবিধা ব্যবহার করতে পারেন। সাধারণ ব্যবহারকারীরা ফায়ারফক্সের পরবর্তী সংস্করণ থেকেই এ সুবিধা পাবেন। মুক্ত ওয়েব কার্যক্রমকে ব্যবহারকারীদের হাতের নাগালে পৌঁছাতে অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশনের উদ্যোগে ফায়ারফক্সে নিয়মিত উন্নয়নমূলক নানা কার্যক্রম করা হয়। সারা বিশ্বের মজিলার স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। —মজিলা ব্লগ