ফায়ারফক্সে বিজ্ঞাপন দেখাবে মজিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তহবিল বাড়াতে এই প্রথমবারের মতো বিজ্ঞাপন দেখানো চালু করতে যাচ্ছে ওয়েবসাইট দেখার জনপ্রিয় ব্রাউজার ফায়ারক্সের নির্মাতা মজিলা ফাউন্ডেশন। বিজ্ঞাপনগুলো দেখা যাবে ‘ডাইরেক্টরি টাইলস’ নামের নয়টি বক্সে, যা প্রতিবার ফায়ারফক্স উইন্ডোতে নতুন ট্যাব খোলার সময় দেখা যায়। এই মুহূর্তে এসব টাইলস প্রথমে খালি থাকে, তারপর সবচেয়ে বেশি দেখা ওয়েবসাইটগুলোর লিংকে সেগুলো পূর্ণ হতে থাকে। পরে এসব টাইলসে এক ক্লিকেই চলে যাওয়া যায় নিয়মিত ব্রাউজ করা ওয়েবসাইটে। মজিলা বলছে, এসবে আংশিকভাবে বিজ্ঞাপনের বিষয়বস্তু বা ওয়েবসাইট দেখানো হবে। অবশ্য টাইলসে বিজ্ঞাপনের কথা পরিষ্কারভাবে বলা থাকবে। মজিলা এখনো এ পরিকল্পনা নিয়ে কাজ করছে।
ফায়ারফক্সের নতুন এই পদক্ষেপ অনেকটা গুগলের টাকা বানানোর পদ্ধতি অনুসরণ করছে বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসের শুরুতে মজিলা ফায়ারফক্স অ্যাকাউন্ট চালু করেছে, যা দিয়ে নিজেদের বুকমার্কস, হিস্ট্রি এসব আরও সহজভাবে সিনক্রোনাইজ করা যাবে। ফায়ারফক্সে আগে থেকেই সিনক্রোনাইজ টুল থাকলেও সেটি যন্ত্রের সঙ্গে চালু করতে একটা সংকেত দিতে হতো। নতুন এই অ্যাকাউন্ট সুবিধায় এখন শুধু লগইন করলেই হবে, যেটা গুগলের ওয়েবসাইট দেখার সফটওয়্যার ক্রোম করে থাকে। ফলে মোবাইল বা কম্পিউটার, যেখানেই ফায়ারফক্স ব্যবহার করা হোক না কেন, বুকমার্কস এবং হিস্ট্রি নিয়ে ব্যবহারকারীদের আর মাথা ঘামাতে হবে না। আগামী কিছুদিনের মধ্যেই ফায়ারফক্সের পরবর্তী সংস্করণ থেকে বিজ্ঞাপন দেখানোর নতুন এই কাজ শুরু হতে পারে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, অনেক ফায়ারফক্স ব্যবহারকারী টাইলসের এই শর্টকাট দিয়ে সহজে তাঁদের পছন্দের ওয়েবসাইটে প্রবেশ করেন। কারণ, তাঁদের জানাই আছে, এগুলো নিজেদের দেখা পরিচিত ওয়েবসাইটের লিংক। এখন বিজ্ঞাপন দেখানো শুরু হলে এবং তাতে পরিষ্কার করে বিজ্ঞাপনের কথা বলা না থাকলে ব্যবহারকারীরা বিড়ম্বনায় পড়তে পারেন।
—রয়টার্স অবলম্বনে মঈন চৌধুরী