ফায়ারফক্সের সার্চ ইঞ্জিন গুগল নয় ইয়াহু
ওয়েবসাইট দেখার জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স এবার পূর্বনির্ধারিত (ডিফল্ট) সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে সরিয়ে দিয়েছে, নিয়েছে ইয়াহুকে। যুক্তরাষ্ট্রের ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য সম্প্রতি এটা চালু হয়েছে। আগামী মাস থেকেই নতুন হালনাগাদযুক্ত ফায়ারফক্সে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ইয়াহু পাওয়া যাবে।
ইয়াহু জানিয়েছে, ফায়ারফক্স ব্যবহারকারীরা আরও উন্নত, পরিষ্কার এবং দারুণ নকশার সার্চ ইঞ্জিন দেখতে পাবেন। গুগলের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি শেষ হওয়ার পর সম্প্রতি আগামী পাঁচ বছরের জন্য ইয়াহুর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ফায়ারফক্স। তবে যুক্তরাষ্ট্রের বাজারে সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে আছে গুগল।
গবেষণা প্রতিষ্ঠান কমস্কোরের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ব্যবহার করেন ৬৭ শতাংশ, মাইক্রোসফটের বিং ২০ শতাংশ এবং ইয়াহু ব্যবহার করেন ১০ শতাংশ ব্যবহারকারী। ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার বলেন, ‘ইয়াহুর সঙ্গে ফায়ারফক্সের এ বন্ধন পাঁচ বছরের এবং এটি এ সময়ের গুরুত্বপূর্ণ একটি অংশীদারি। এ ছাড়া আমরা মনে করি, তথ্য খোঁজার সুবিধা গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্যবহারকারীদের কাছে। এটি যেমন বিনিয়োগের জন্য দারুণ এক জায়গা, তেমনি এতে দারুণ সুবিধাও রয়েছে।’
নতুন সুবিধার ফলে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ফায়ারফক্সের ডান পাশে ছোট আকারে থাকা সার্চ বক্সে কোনো কিছু খুঁজলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ইয়াহুতে চলে যাবে।
ফায়ারফক্সের নির্মাতা প্রতিষ্ঠান মজিলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ক্রিস বেয়ার্ড বলেন, উন্মুক্ত ওয়েবের ধারণাকে আরও শক্তিশালী করতেই ফায়ারফক্স এই উদ্যোগ নিয়েছে। এ ছাড়া ফায়ারফক্স সবার ব্রাউজার, তাই নিজের পছন্দ অনুযায়ী ব্যবহারকারীদের সুবিধা দিতেই এবার ইয়াহুকে সার্চ ইঞ্জিন হিসেবে যুক্ত করা হয়েছে।
ডিফল্ট হিসেবে থাকলেও ব্যবহারকারী চাইলে নিজের পছন্দ অনুযায়ী সার্চের সময় কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করবেন সেটি নির্বাচন করে নিতে পারবেন। —বিবিসি ও দ্য ভার্জ অবলম্বনে কাজী আলম