ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত স্মার্টফোন আনল সিম্ফনি

এইচডি সিরিজের নতুন স্মার্টফোন এইচ ৪০০ আনল সিম্ফনি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ ফোনটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে এডিসন গ্রুপের কর্মকর্তারা।
সিম্ফনির কর্মকর্তারা বলেন, দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গার প্রিন্ট সেন্সরযুক্ত এইচ ৪০০ হ্যান্ডসেটটি সিম্ফনির প্রথম ফিঙ্গার প্রিন্ট স্মার্টফোন। হ্যান্ডসেটের পেছনে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি টাচ করে ফোন লক-আনলক করা যাবে। ফোনের বাড়তি নিরাপত্তার জন্য এটি যুক্ত করা হয়েছে।
পাঁচ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লের ফোনটিতে আছে মিরাভিশন প্রযুক্তি। এতে যে স্ক্রিনের রং ফুটিয়ে তোলো তা চোখের জন্য আরামদায়ক। হ্যান্ডসেটটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমচালিত ফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজ ৬৪ বিটের কোয়াড কোর প্রসেসর ও ২ জিবি ডিডিআর ৩ র্যাম। এর ইন্টারনাল স্টোরেজ ১৬ গিগাবাইট ও ব্যাটারি ৩২০০ এমএএইচ।
সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়েছে, ই-কমার্স প্ল্যাটফর্ম (www.pickaboo.com) থেকে হ্যান্ডসেটটি আগাম ফরমায়েশ (প্রি-বুকিং) দেওয়া যাবে। ফোনটির দাম ৯ হাজার ৯৯০ টাকা। চলতি মাসের ২০ তারিখ থেকে কালো ও রুপালি রঙে এটি দেশের বাজারে পাওয়া যাবে।
হ্যান্ডসেট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক রেজোয়ানুল হক, বিপণন প্রধান আশরাফুল হক ও পিকাবুর পরিচালনা বিভাগের প্রধান শাহরিয়ার সাত্তার।