ফিচার ফোন বনাম স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিচার ফোন বনাম স্মার্টফোন
ফিচার ফোন বনাম স্মার্টফোন

দিন দিন কমে যাচ্ছে ফিচার ফোনের চাহিদা। শুধু কল করার পরিবর্তে মুঠোফোনে এখন গান শোনা, ভিডিও দেখা, ইমেইল করার মতো সুবিধাগুলো ব্যবহারের প্রবণতা বাড়ছে।
স্মার্টফোনে এ সুবিধাগুলো থাকলেও ফিচার ফোনে এ সুবিধা থাকে না। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাব অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাত্ এপ্রিল থেকে জুন এ তিন মাসে মোবাইল ফোন বিক্রিতে ফিচার ফোনকে পেছনে ফেলেছে স্মার্টফোন। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গার্টনারের হিসাব অনুযায়ী, এপ্রিল থেকে জুন এ তিন মাসে মোট ৪৩ কোটি ৫০ লাখ মুঠোফোন বিক্রি হয়েছে যার মধ্যে ২২ কোটি ৫০ লাখ হচ্ছে স্মার্টফোন আর বাকি ২১ কোটি হচ্ছে ফিচার ফোন। গার্টনারের গবেষকেদের হিসাব অনুযায়ী, ২০১২ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ বছর স্মার্টফোন বিক্রি বেড়েছে ৪৬ দশমিক পাঁচ শতাংশ আর ফিচার ফোন বিক্রি কমেছে ২১ শতাংশ।
গবেষকেদের হিসাব অনুযায়ী, ২০১৩ সালে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে এশিয়াতে। এরপর রয়েছে ল্যাটিন আমেরিকা ও উত্তর ইউরোপ অঞ্চল।
গার্টনারের গবেষক অংশুল গুপ্ত জানিয়েছেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রি হয়েছে মোট মুঠোফোন বিক্রির ৫১ দশমিক ৮ শতাংশ, যা প্রথমবারের মতো ফিচার ফোনকে ছাড়িয়ে গেছে।
এর আগে আরেক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা জানিয়েছিলেন, চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসেই ফিচার ফোনকে পেছনে ফেলেছে স্মার্টফোন।

গবেষকেরা সেসব মুঠোফোনকে স্মার্টফোন বলছেন যেগুলো বিল্টইন অ্যাপ্লিকেশন থাকে এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে আর ফিচার ফোন বলছেন সেগুলোকেই যাতে শুধু অল্প কিছু ফাংশান থাকে আর দামে সস্তা।

গার্টনারের মতে, স্মার্টফোনের বাজারে এখন রাজত্ব করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। বর্তমানে স্মার্টফোনের ৩১ দশমিক ৭ শতাংশ স্যামসাংয়ের দখলে। বছরের দ্বিতীয় প্রান্তিকে সাত কোটি ১০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। স্যামসাংয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাপল। ১৪ দশমিক দুই শতাংশ বাজারের দখল রেখেছে আইফোন। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তিন কোটি ১০ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে অ্যাপল।

বাজারে সেরা পাঁচ স্মার্টফোন নির্মাতা হিসেবে পরের স্থানগুলো যথাক্রমে এলজি, লেনোভো ও জেডটিইর দখলে। গবেষকেদের হিসাবে, স্মার্টফোন বাজারে দ্রুত এগিয়ে আসছে চীনের ইলেকট্রনিক পণ্য নির্মাতা লেনোভো।

স্মার্টফোন ও ফিচার ফোন মিলিয়ে সর্বমোট মুঠোফোন বিক্রির হিসেবেও শীর্ষে রয়েছে স্যামসাং। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে নকিয়া, অ্যাপল, এলজি ও জেডটিই।

অপারেটিং সিস্টেমের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে গুগলের অ্যান্ড্রয়েড। গার্টনারের হিসাবে বাজারের ৭৯ শতাংশ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড আর অ্যাপলের আইওএসের দখলে বাজারের ১৪ দশমিক দুই শতাংশ। বাজারে প্রথমবারের মতো ব্ল্যাকবেরিকে পেছনে ফেলেছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং উঠে এসেছে অপারেটিং সিস্টেমের বাজারের তৃতীয় অবস্থানে। এ সময়ের মধ্যে মাইক্রোসফট ওএসের অর্জন ৩.৩ শতাংশ বাজার শেয়ার এবং সারা বিশ্বে বিক্রি করা স্মার্টফোনের সংখ্যা ৭৪ লাখ ইউনিট। একই সময়ে ব্ল্যাকবেরির ওএসের অর্জন ২.৭ শতাংশ বাজার শেয়ার এবং বিক্রি করা স্মার্টফোনের সংখ্যা ৬১ লাখ ইউনিট। গত বছর ব্ল্যাকবেরির বাজার শেয়ার ছিল ৫.২ শতাংশ এবং বিক্রীত স্মার্টফোনের সংখ্যা ছিল ৭৯ লাখ ইউনিট, যেখানে মাইক্রোসফটের ছিল ২.৬ ভাগ শেয়ার এবং বিক্রীত স্মার্টফোনের সংখ্যা ছিল ৪০ লাখ।