ফিচার ফোনই হবে স্মার্টফোন!

বর্তমান সময়ের স্মার্টফোনের মতোই কাজ করতে পারবে পুরোনো যুগের ফিচার ফোন। সম্প্রতি ইসরায়েলের গবেষকেরা ফিচার ফোন বা ইন্টারনেট সংযোগ ছাড়া ফোনগুলোর জন্য স্মার্টফোনের সুবিধা যুক্ত করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ফলে স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন ফিচার ফোনে ইন্টারনেট ছাড়াই চালানো যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।ইসরায়েলের প্রযুক্তি-উদ্যোক্তা প্রতিষ্ঠান ভাস্কোডের গবেষকেরা এ ফিচার ফোনকে স্মার্টফোনে রূপান্তরের প্রক্রিয়াটি উদ্ভাবন করেছেন। গবেষকেরা জানান, এ পদ্ধতিতে মুঠোফোনে শর্ট মেসেজ সার্ভিস বা এসএমএসের মতো টেক্সটভিত্তিক আনস্ট্রাকচারড সাপ্লিমেনটারি সার্ভিস ডেটা বা ইউএসএসডি পদ্ধতি ব্যবহূত হয়। ভাস্কোডের ক্লাউডভিত্তিক সেবা থেকে এ অ্যাপ্লিকেশন ফিচার ফোনে যুক্ত করতে পারবেন মুঠোফোন নির্মাতারা। ব্যবহারকারীদের এ অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। ফেসবুক, জিমেইল, এসএমএস, টুইটার, উইকিপিডিয়ার মতো বেশ কিছু স্মার্টফোন অ্যাপ ফিচার ফোনে যুক্ত থাকবে যা থেকে এসএমএসের মতো করে ব্যবহার করা যাবে। অবশ্য ব্যবহারকারীরা এ অ্যাপ্লিকেশনগুলো সাদা-কালোয় দেখতে পাবেন ।
ভাস্কোডে কর্তৃপক্ষ জানিয়েছে, ইউএসএসডি পদ্ধতিতে ইন্টারনেটের প্রয়োজন পড়ে না বরং এতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহূত হয়। এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস হচ্ছে এক গুচ্ছ ফাংশনের সমষ্টি।
ভাস্কোডের প্রধান নির্বাহী ডোরন মোটেস জানিয়েছেন, বিশ্বের ৮৩ শতাংশ মুঠোফোনই সাধারণ ফিচার ফোন, যেগুলোতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা নেই। পৃথিবীতে ৪০০ কোটি মানুষ মুঠোফোনে ইমেইল ব্যবহার করতে পারেন না। মুঠোফোনে মেইল করার সুবিধা যুক্ত হলে বিশ্বে বিশাল পরিবর্তন আনা সম্ভব হবে।
ব্রাজিল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোতে ফিচারফোনে ইমেইল ব্যবহারের সুবিধা বড় পরিবর্তন আনতে পারবে বলেই ধারণা করছে ভাস্কোডে।