ফিদে মাস্টার ফাহাদ প্রযুক্তি প্রতিষ্ঠানের দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ১০ বছর বয়সী ফাহাদ রহমান প্রযুক্তিপণ্য আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের দূত (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) মনোনীত হয়েছে। রোববার ফাহাদ এবং কম্পিউটার সোর্সের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ এবং ফাহাদের বাবা মো. নজরুল ইসলাম ও মা মোসাম্মাৎ হামিদা খান চুক্তিপত্রে সই করেন। ঢাকায় কম্পিউটার সোর্সের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কম্পিউটার সোর্স পরিচালক এস এম মুহিবুল হাসান, বিপণন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির। এ সময় মুহিবুল হাসান বলেন, ‘বিশ্ব দাবায় দেশের নাম উজ্জ্বল করতে এবং ফাহাদের পেশাগত উন্নয়নের জন্য আমরা তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত করেছি। এ জন্য তিন বছরের জন্য চুক্তি হয়েছে। এ সময় ফাহাদের মেধার বিকাশে চুক্তি অনুযায়ী সহযোগিতা করবে কম্পিউটার সোর্স।’মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি আশা করি, ফাহাদ নতুন রেকর্ড গড়ে দেশের মুখ উজ্জ্বল করে কম্পিউটার সোর্সের এই প্রচেষ্টাকে সফল করবে।’