ফিরে আসছে পাম

পামের নাম মনে আছে নিশ্চয়? আইফোন, আইপ্যাড যুগের আগে হাতে ধরা কম্পিউটার পণ্যের সমার্থক হিসেবে পাম নামটিই উঠে আসত। কিন্তু যুগের হাওয়া বদলে পাম নামটিই যেন হারিয়ে যেতে বসেছে। সম্প্রতি চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান পাম ব্র্যান্ডটি আবার প্রযুক্তি বিশ্বে ফিরিয়ে আনতে কাজ করছে।
চীনের বিখ্যাত টিভি নির্মাতা প্রতিষ্ঠান টিসিএল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শোতে পাম ব্র্যান্ডটি পুনরুজ্জীবিত করার কথা জানিয়েছে।
১৯৯২ সালে পাম প্রতিষ্ঠিত হয় এবং পাম অপারেটিং সিস্টেম (ওএস) দিয়ে বেশ কিছু জনপ্রিয় পণ্য বাজারে ছাড়ে। পাম প্ল্যাটফর্মটিকে আধুনিকায়ন করতে ২০০৯ সালে ওয়েবওএস নামের অপারেটিং সিস্টেমের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। কিন্তু এটি জনপ্রিয়তা পায়নি। পরের বছর ১২০ কোটি মার্কিন ডলারে পামকে কিনে নেয় হিউলেট প্যাকার্ড বা এইচপি। কিন্তু ২০১১ সালে ওয়েবওএস উন্নয়নের কাজ বন্ধ করে দেয় এবং ওপেন সোর্স কোড তৈরিতেও ব্যর্থ হয় এইচপি।
২০১৩ সালে এইচপি কর্তৃপক্ষ পামের টিভি পেটেন্ট ও প্রযুক্তি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজির কাছে বিক্রি করে দেয়। এ ছাড়া পাম ব্র্যান্ডটি চীনের টিসিএলের কাছে বিক্রি করে দেয়। টিসিএল মূলত টিভি নির্মাতা প্রতিষ্ঠান হলেও বর্তমানে আলকাটেল ওয়ানটাচ নামে স্মার্টফোনের বাজারেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
টিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পাম ব্র্যান্ডটি ফিরিয়ে আনতে চায়, কিন্তু কীভাবে কী করা হবে, সেটা এখনো পরিষ্কার নয়।
টিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পামের প্রত্যাবর্তন ঘটবে বিশাল আকারের ক্রাউড সোর্স প্রকল্পের ভিত্তিতে। লাস ভেগাসে টিসিএলের প্রধান নির্বাহী জর্জ গুয়ো বলেছেন, ‘আমরা পামকে ফেরত আনতে চাই। কিন্তু কীভাবে তা করা যাবে যাঁদের কাছে খুব ভালো ধারণা আছে তা আমাদের সঙ্গে বিনিময় করতে পারেন।’
জর্জ গুয়ো অবশ্য তাঁর পরিকল্পনায় ওয়েবওএসকে ফিরিয়ে আনার সম্ভাবনা একেবারেই বাতিল করে দিয়েছেন।
টিসিএলের পরিকল্পনা অনুসারে, পামকে আলাদা আরেকটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে, যার প্রধান কার্যালয় হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। পাঁচ হাজার প্রকৌশলী ও বিভিন্ন দেশে পাঁচটি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান তৈরি করে পামের যাত্রা শুরু হবে।
মাইনিউপাম নামের ওয়েবসাইট ইতিমধ্যে ওয়েবে দেখা যাবে এবং তাতে লেখা রয়েছে ‘ফিরছি শিগগিরই’।
প্রসঙ্গত, সম্প্রতি দেউলিয়া হতে বসা কোডাকও নতুন স্মার্টফোন বাজারে এনে আবার নতুন করে যাত্রা শুরু করেছে।
আরও পড়ুন: কোডাক আনছে আইএম৫ স্মার্টফোন