ফিরে আসছে ভায়ো

ভায়ো ব্র্যান্ডের কম্পিউটারের কথা মনে আছে নিশ্চয়ই? এটি জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা সনির ‘ভায়ো’ নামেই বেশি পরিচিত ছিল। কিন্তু পরে এটি অলাভজনক ব্যবসায় পরিণত হওয়ায় জাপানেরই একটি ব্যক্তিমালিকানাধীন ইকুইটি ফার্মের কাছে ভায়োকে বিক্রি করে দেয় সনি। সম্প্রতি ভায়ো করপোরেশন আন্তর্জাতিক বাজারে প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে ভায়ো বিক্রি করে দেয় সনি। পরে যে প্রতিষ্ঠানটি ভায়ো কিনেছিল তারা জাপানের বাজারকে গুরুত্ব দিতে এই পিসির বিক্রি বন্ধ করে দেয়। তবে এখন অনেক প্রতিবন্ধকতা থাকলেও আন্তর্জাতিক বাজারে আবার ফিরে আসার চেষ্টা করছে ভায়ো।
ভায়োর প্রধান নির্বাহী ইয়োশিমি ওটা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের রিটেইল শপগুলোতে অক্টোবর মাস থেকে ভায়ো বিক্রি শুরু হবে। এ ছাড়াও ব্রাজিলিয়ান একটি প্রতিষ্ঠানকে ভায়ো পিসি তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে।’
বাজার গবেষকেরা বলেন, পিসির বাজারে প্রায় দুই দশক ধরে বড় খেলোয়াড় হওয়ার চেষ্টা করে সনি। পণ্যের নকশার জন্য তাদের পণ্য ভায়ো প্রশংসা কুড়ালেও পিসির পড়তির বাজারে আলাদা করে তেমন সাড়া জাগাতে পারেনি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটরের বিশ্লেষকেরা বলেন, জাপানের বাজারেও এক শতাংশের বেশি বাজার ধরতে পারেনি এটি। আন্তর্জাতিক বাজারেও নানা সমস্যার মুখে পড়তে হয় সনিকে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা বলেন, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে পিসির বাজার ১১ দশমিক আট শতাংশ কমেছে। এমনকি পিসির বাজারে ভালো অবস্থানে থাকা চীনের লেনোভো গ্রুপকেও চাপের মুখে পড়তে হচ্ছে। সে বিবেচনায় জাপানে একটি কারখানা আর মাত্র ২৫০ জন কর্মী নিয়ে প্রতিষ্ঠিত ভায়ো প্রতিষ্ঠান হিসেবে লেনোভোর তুলনায় অনেক ছোট।
ভায়োর প্রসঙ্গে ওটা বলেন, সীমিত পরিকল্পনা নিয়ে এগোলে ভালো করবে ভায়ো। সনির মতো সবার জন্য পিসির মডেলে না গিয়ে বাজারের হাই-এন্ড বা বেশি দামি পণ্যের বাজারটি ধরতে হবে। লাভের চেয়ে সনি বাজার দখলকে বেশি গুরুত্ব দিয়েছিল।’
ভায়ো বর্তমানে সনির আমলে নকশা করা ল্যাপটপ বিক্রি করছে। ভবিষ্যতে স্মার্টফোনের সুবিধাযুক্ত ছোট আকারের ল্যাপটপ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে ভায়ো। এতে ডেস্কটপ পিসি ও মোবাইল ডেটা কার্ডের সঙ্গে প্লাগ ইন করার প্রয়োজনীয়তা ফুরাবে বলেও মনে করছে তারা। এ ছাড়াও, ভবিষ্যতে রোবট ব্যবসা করার পরিকল্পনা নিয়েও এগোচ্ছে ভায়ো।
ওটা দাবি করেন, গ্রাফিক ডিজাইনার, আলোকচিত্রীদের মতো পেশাদারেরা; যাঁরা অ্যাপলের ম্যাকবুক ব্যবহার করেন, তাঁদের কথা মাথায় রেখেই পিসি বানাবে ভায়ো। কারণ, বর্তমানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে বাজারে ম্যাক কম্পিউটারের উন্নত কোনো বিকল্প নেই।
ওটা আরও বলেন, ‘আমরা আর সস্তা কোনো মডেলের কম্পিউটার আনব না’