ফিরে আসবে স্ন্যাপচ্যাটে মুছে ফেলা ছবি

অনলাইনে শেয়ার করা তথ্য চিরতরে মুছে ফেলা যে সম্ভব হয় না তা আবারও প্রমাণ করেছেন প্রযুক্তি গবেষকেরা। সম্প্রতি মোবাইল ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাটের গবেষকেরা জানিয়েছেন, স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের মুছে ফেলা ছবি পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোনে বিশেষ ফরেনসিক সফটওয়্যার ব্যবহার করে মুছে ফেলা ছবি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন গবেষকেরা। এক খবরে জানিয়েছে বিবিসি অনলাইন।স্ন্যাপচ্যাটে বার্তা বা ছবি পাঠানোর সময় ব্যবহারকারী সে বার্তা প্রদর্শনের সময় নির্ধারণ করে দিতে পারেন। ব্যবহারকারীর বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সে বার্তা বা ছবি মুছে যায়। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্ন্যাপচ্যাটে ছবি পাঠানোর পর মাত্র ১০ সেকেন্ড পরে তা স্ন্যাপচ্যাটের সার্ভার থেকে মুছে যায়।যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, মুছে ফেলা ছবি ফিরিয়ে আনার পদ্ধতি উদ্ভাবন করেছেন তাঁরা। এ সেবা পেতে ব্যবহারকারীকে নির্দিষ্ট অর্থ খরচ করতে হবে। স্ন্যাপচ্যাটের কর্মকর্তারা জানিয়েছেন, স্বাভাবিক পদ্ধতিতেই স্ন্যাপচ্যাট সার্ভার থেকে ছবি ও বার্তা নির্দিষ্ট সময় পর মুছে যায়। তবে ফরেনসিক সফটওয়্যার ব্যবহার করে অনেক ক্ষেত্রেই মুছে ফেলা ছবি ফেরত আনা যায়।
বর্তমানে প্রতিদিন স্ন্যাপচ্যাটের মাধ্যমে গড়ে ১৫ কোটি ছবি আপলোড ও শেয়ার করছেন ব্যবহারকারীরা।