ফিরে এসো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিয়,
আগে প্রতিদিন রাস্তায় বেরোলেই তোমাকে দেখতাম। কখনো লাল টিপ, কখন হলুদ কিংবা সবুজ। তোমার লাল টিপে ছিল অপার মাদকতা। কালো জমিনে সাদা ডোরাকাটা শাড়ি আর কপালে লাল টিপ। দেখলেই দাঁড়িয়ে যেতাম। একমনে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতাম তোমাকে। শুধু আমি নই, আশপাশের সবাই থেমে যেত তোমাকে দেখে! এত ক্ষমতা ছিল তোমার মায়াবী লাল রঙের টিপে। তুমি জানো কি না জানি না, আমার মেয়েকে সব সময় বলি তোমার কথা। তোমার তিন রঙের টিপের কথা, সেই শাড়ির কথা। হায়, আজ সবই স্মৃতি!
তুমি নেই আজ আমার শহরে। কেন নেই তুমি? কেন তোমাকে দেখি না? তুমি কি বুড়িয়ে গেছ? নাকি অভিমান করে এ শহর ছেড়ে চলে গেছ তুমি? কিসের এত অভিমান তোমার? আমাদের কথা কি তুমি একটিবারও ভাববে না? আমরা তো কখনো চাইনি তোমাকে কষ্ট দিতে। তুমি যেমনটা চেয়েছ, ঠিক তেমনভাবেই তো চলেছিলাম আমরা। হতে পারে কিছু মানুষ তোমাকে সম্মান দেখায়নি, তাই বলে তুমি এভাবে ছেড়ে চলে যাবে?
একটিবার তুমি চেয়ে দেখো, তোমাকে ছাড়া আমরা সবাই আজ দিশেহারা। রাস্তায় বেরোলে তোমার অভাবে আমরা ২০ মিনিটের পথ দুই ঘণ্টায়ও পাড়ি দিতে পারি না। কী সুন্দর দিন ছিল, যখন তুমি হাত ধরে রাস্তা পার করে দিতে! আজ তুমি নেই বলে আমি রাস্তাও পার হতে পারি না ঠিকমতো। শহরের সবাই যেন আজ পথহারা!
চলে এসো, লক্ষ্মীটি, আমার ভালোবাসার ট্রাফিক লাইট ও জেব্রাক্রসিং! শহরের এই পথেঘাটে তোমাকে বড় মিস করি!
ইতি
আনিকা তেহ্জীব
চট্টগ্রাম