ফিলিস্তিন-ইসরায়েল টুইট যুদ্ধ
যুদ্ধ শুরু হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ও ফিলিস্তিনের হামাসের মধ্য চলছে টুইটের এ যুদ্ধ। পরস্পরবিরোধী প্রচারণা চালাতে টুইটার ব্যবহার করছে তারা। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।১৪ নভেম্বর গাজায় হামাসের বিরুদ্ধে হামলা চালানোর সময় থেকে লাইভ টুইট ও ব্লগ লেখা শুরু করে আইডিএফ। টুইটারে এ হামলার ভিডিও ও ছবি প্রকাশ করে ইসরায়েলের বিশেষ বাহিনী। তাদের টুইটের পাল্টা উত্তর দিতে শুরু করে হামাস। হামাসের টুইটে আইডিএফের ওপর বর্বর হামলা চালানোর হুমকি দেওয়া হয়।টুইটারে পরস্পরবিরোধী হুমকির পরিপ্রেক্ষিতে শুরু হয়ে যায় টুইট যুদ্ধ। হামাসের পক্ষ থেকে আইডিএফের বিরুদ্ধে সফল অভিযান, মর্টার, রকেট, গোলাবারুদ ব্যবহারের ধারাবর্ণনা দেওয়া শুরু হয়। পোস্ট করা হয় মিসাইল ছোঁড়ার ইউটিউব ভিডিওর লিংক। আইডিএফের পক্ষ থেকেও টুইট, ভিডিও পোস্ট করে লড়াই জোরদার করা হয়।টুইটারে সরাসরি হুমকি, যুদ্ধ ও সহিংসতার বিষয়টি সরাসরি প্রকাশ করা নীতিবিরুদ্ধ। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, হামাস ও আইডিএফের টুইট যুদ্ধ টুইটার কর্তৃপক্ষকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে টুইটার কর্তৃপক্ষ কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে নিজেদের অবস্থান ঠিক রাখতে পারে আবার টুইটারের নীতিবিরুদ্ধ টুইটের জন্য ব্যবস্থা নিতে পারে। এ বিষয়টি নিয়ে কী করা হবে সে সিদ্ধান্ত এখনও নিতে পারেনি টুইটার কর্তৃপক্ষ।