ফিলিস্তিনবিষয়ক পোস্টে বৈষম্যের অভিযোগ, পরিবর্তন আসছে ইনস্টাগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামের স্বয়ংক্রিয় মডারেশন ব্যবস্থায় ফিলিস্তিনবিষয়ক বহু পোস্ট আটকে যাচ্ছে, ব্যবহারকারীরা দেখতে পাচ্ছে না বলে অভিযোগ কর্মীদের
রয়টার্স

ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের সময় ইনস্টাগ্রামে ফিলিস্তিনিদের সমর্থনে দেওয়া পোস্টগুলো ব্যবহারকারীদের সামনে আসছে না—ছবি শেয়ার করার অ্যাপটির একদল কর্মীর অভিযোগ ছিল এমন। এরপর অ্যালগরিদমে পরিবর্তন আনে ফেসবুকের মালিকানাধীন সেবাটি।

স্টোরিজ অংশে ইনস্টাগ্রাম সচরাচর পুনরায় পোস্ট করা কনটেন্টের (রিপোস্টেড) চেয়ে মৌলিক পোস্টগুলোকে অগ্রাধিকার দেয়। নতুন পরিবর্তনের পর এখন দুই ধরনের পোস্টই সমান গুরুত্ব পাবে বলে দ্য ভার্জকে সোমবার জানিয়েছে প্ল্যাটফর্মটি।

বাজফিড নিউজ এবং দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের স্বয়ংক্রিয় মডারেশন ব্যবস্থায় ফিলিস্তিনবিষয়ক বহু পোস্ট আটকে যাচ্ছে বলে ওই কর্মীরা জানাতে থাকেন। যেমন আল-আকসা মসজিদ নিয়ে দেওয়া পোস্ট ‘ভুল করে’ সরিয়ে ফেলা হয়। এই সেন্সরশিপ ইচ্ছাকৃত বলে মনে করেন না ওই কর্মীরা। তবে ফিন্যান্সিয়াল টাইমসকে এক কর্মী বলেন, এত বেশি কনটেন্ট মডারেট করা যেকোনো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যমূলক।

ফেসবুকের এক মুখপাত্র প্রযুক্তিবিষয়ক সংবাদ পোর্টাল দ্য ভার্জকে বলেছেন, ইনস্টাগ্রামে এই পরিবর্তন কেবল ফিলিস্তিনবিষয়ক পোস্টের জন্য নয়। বরং অ্যাপটি যেভাবে কাজ করে, তাতে ব্যবহারকারীরা মনে করছেন এক ধরনের মতাদর্শ প্ল্যাটফর্মটিতে জায়গা পাচ্ছে না। তবে ব্যাপারটি যে তা না, সেটিই পরিষ্কার করতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। তিনি বলেছেন, ‘এই পরিবর্তন স্টোরিজে শেয়ার করা যেকোনো কনটেন্টের বেলায় প্রযোজ্য, সেটা যে বিষয়েই হোক।’

মৌলিক পোস্টকে বরাবরই গুরুত্ব দিয়েছে ইনস্টাগ্রাম
রয়টার্স

ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নিয়ে শেয়ার করা কনটেন্ট যেভাবে ব্যবহারকারীদের সামনে এনেছে কিংবা আনেনি, তা নিয়ে সমালোচিত হয়েছে টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম। চলতি মাসের শুরুর দিকে এক ফিলিস্তিনি লেখকের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা আরোপ করে টুইটার। পরে অবশ্য বলেছে, সেটি ‘ভুল করে’ হয়েছে। ওদিকে গত ৬ মে কয়েক ঘণ্টার জন্য ইনস্টাগ্রামে ফিলিস্তিনবিষয়ক কনটেন্ট পোস্ট করতে পারছিলেন না অনেক ব্যবহারকারী। ইনস্টাগ্রাম পরে সে সমস্যার জন্যও ক্ষমা চেয়েছে। সেবারও ‘কারিগরি ত্রুটি’র উল্লেখ করেন ইনস্টাগ্রাম-প্রধান অ্যাডাম মসেরি।

ইনস্টাগ্রামের পক্ষ থেকে বলা হয়েছে, রিপোস্টেড কনটেন্টের চেয়ে ব্যবহারকারীরা বরাবরই কাছের মানুষদের দেওয়া মৌলিক স্টোরিজে বেশি আগ্রহ প্রকাশ করেছেন। সে কারণেই তারা মৌলিক স্টোরিজে গুরুত্ব দিয়েছে। তবে যত মানুষ পোস্ট পুনরায় শেয়ার করেন, সেটারও প্রভাবও ছোট করে দেখার সুযোগ নেই। অথচ ইনস্টাগ্রামের ফিডের পোস্টগুলো স্টোরিজের শেয়ার করলে সেগুলো আশানুরূপসংখ্যক মানুষের কাছে পৌঁছে না বলে ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। আর সে কারণেই এই পরিবর্তন।

তবে শেষে ইনস্টাগ্রামের ওই মুখপাত্র বলেন, ইনস্টাগ্রাম এখনো মনে করে ব্যবহারকারীরা মৌলিক পোস্ট দেখতে চান। আর তাই মৌলিক পোস্টগুলো কীভাবে মানুষের সামনে আনা যায়, তা নিয়ে পরীক্ষা করে দেখবে তারা।