ফুকেটে আজ থেকে চূড়ান্ত পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ফুকেটে আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আইসিপিসি ২০১৬-এর চূড়ান্ত পর্ব। এটি আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ৪০তম আসর।
ইতিমধ্যে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১২৮টি দল চলে এসেছে ফুকেটে। প্রতিটি দলে তিনজন প্রতিযোগী ও কমপক্ষে একজন কোচ আছেন। এ ছাড়া অনেক দলের সঙ্গেই অতিথি রয়েছেন। অংশগ্রহণকারী দল ছাড়াও বিচারক, মূল আয়োজক দলের কর্মী ও আন্তর্জাতিক মিডিয়া থেকে প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। প্রায় ১ হাজার ৩০০ মানুষের উপস্থিতিতে এ যেন প্রোগ্রামিং নিয়ে এক মহাযজ্ঞ!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ থেকে এবার এই তিনটি বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পর্বে অংশ িনচ্ছে। তা ছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার তিনটি বিশ্ববিদ্যালয়ের কোচ হিসেবে তিনজন বাংলাদেশি প্রোগ্রামারও অংশ নিচ্ছেন আইসিপিসিতে। সিঙ্গাপুর ও নেদারল্যান্ডস থেকেও বাংলাদেশি সাবেক প্রতিযোগী প্রোগ্রামাররা হাজির হয়েছেন এই প্রোগ্রামিং উৎসবে।
গতকাল সোমবার প্রতিযোগীরা নিজের মতো করে কাটিয়েছেন, কেউবা ঘুরে বেড়িয়েছেন। থাইল্যান্ডের সাগরপারের শহর ফুকেট পর্যটনের জন্য বিখ্যাত। তাই এখানে দেখার জায়গার শেষ নেই। সমুদ্রের কাছ থেকে প্রশান্তি নিয়েই প্রতিযোগীরা মূল প্রতিযোগিতার জন্য বসবেন বলে আয়োজকদের ধারণা।
মূল প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে প্রিন্স অব সংক্লা বিশ্ববিদ্যালয়ে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হচ্ছে আইবিএম। কাল বুধবার মক কনটেস্ট (প্রস্তুতিমূলক প্রতিযোগিতা) এবং পরশু বৃহস্পতিবার হবে চূড়ান্ত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্বগুলোতে ১০২টি দেশের ২ হাজার ৭৩৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। চূড়ান্ত আসরে সুযোগ পেয়েছে ১২৮টি বিশ্ববিদ্যালয়।