ফুজিৎসুর পানি-রোধী ট্যাবলেট আসছে দেশে! (ভিডিও)
ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফুজিৎসু বাংলাদেশে পানি-রোধী প্রযুক্তির একটি ট্যাবলেট কম্পিউটার আনছে। আজ বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফুজিৎসু তাদের নতুন প্রযুক্তির পণ্য প্রদর্শনী অনুষ্ঠানে ঘোষণা দেয়। ভবিষ্যৎ এই ট্যাবলেটটি ঘোষণার পাশাপাশি অত্যন্ত পাতলা একটি মডেলের ট্যাবলেট কম্পিউটার ও তিনটি নতুন লাইফবুকও বাজারে আনার ঘোষণা দিয়েছেন ফুজিৎসু পিসি এশিয়া প্যাসিফিকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ওলসেন সং।বাংলাদেশে ফুজিৎসুর বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স ফুজিৎসুর এ পণ্যগুলো বাজারে আনবে।ফুজিৎসুর লাইফবুক তিনটির মডেল হচ্ছে এলএইচ৫৩২, এএইচ৫৩২ এবং এলএইচ৭৭২। এ প্রসঙ্গে ওলসেন সং জানান, তিনটি মডেলের লাইফবুকে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছে। ফুজিৎসুর বিখ্যাত ‘এফ-ডিজাইন’, দ্রুতগতির ইউএসবি পোর্টসহ অনেক নতুন ফিচারও এই লাইফবুকে রয়েছে।ওলসেন সং আরও জানিয়েছেন, খুব শিগগিরই ফুজিৎসু একটি আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেট কম্পিউটারসহ নতুন আরও পাঁচটি মডেলের লাইফবুক বাংলাদেশে বাজারে আনবে। নতুন লাইফবুকগুলোর মধ্যে রয়েছে ফুজিৎসু এ ৫৩২, এএইচ ৫৫২, এসএইচ৫৭২, ইউএইচ৫৭২। এই পাঁচটির মধ্যে ইউএইচ৫৭২ মডেলটি হবে আলট্রাবুক বা খুব পাতলা ল্যাপটপ। অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ জানান, এম৫৩২ মডেলের ট্যাবলেট কম্পিউটারটি ৩০ জুন বাজারে আসবে। দেশের সব শ্রেণীর মানুষের চাহিদা মাথায় রেখেই ফুজিৎসুর বিভিন্ন মডেল দেশে আনা হচ্ছে। বাজারের অন্যান্য পণ্যের তুলনায় ফুজিৎসুর পণ্যের দাম বেশি হলেও এবারে তুলনামূলক সাশ্রয়ী দামে ফুজিৎসুর পণ্য কেনা যাবে।ফুজিৎসুর ভবিষ্যৎ পণ্য হিসেবে পানি-রোধী ‘অ্যারোজ’ ট্যাবলেটের সঙ্গে পরিচয় করিয়ে দেন ওলসেন সং। পানি-রোধী কি না পরীক্ষার জন্য তিনি ট্যাবলেটটি কিছুক্ষণ পানিতে ডুবিয়েও রাখেন। বর্তমানে জাপানের বাজারে থাকা এই ট্যাবলেটটি শিগগিরই বাংলাদেশের বাজারে আনার কথা জানিয়েছেন তিনি। কনজুমার ইলেকট্রনিক শো (সিইএস) মেলা ও সিবিট মেলায় পানি-রোধী ১০.১ ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েডচালিত এই ট্যাবলেটটি দেখিয়েছিল ফুজিৎসু।
ফুজিৎসুর এই অনুষ্ঠানে এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিমকে ফুজিৎসু লাইফবুকের বাংলাদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। ফুজিৎসুর সঙ্গে জড়িত হওয়ার প্রসঙ্গে মুসা ইব্রাহিম জানান, জাপানি ব্র্যান্ড হিসেবে ফুজিৎসু তারুণ্যের প্রতীক। বাংলাদেশে ফুজিৎসু ব্র্যান্ডকে আরও পরিচিতি দেওয়ার লক্ষ্যে কাজ করবেন তিনি।