ফুটবল খেলা তেমন দেখি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

শিশুরা এখন আমার মতো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। আমিও একই স্বপ্ন দেখতাম, বড় ফুটবলার হওয়ার। ওরা কেন স্বপ্ন দেখবে না? ওদের তো সামনে পড়ে আছে দীর্ঘ সময়। স্বপ্ন দেখার সময় তো এখনই। প্রত্যেককেই বিশ্বাস করতে হবে তারাও একদিন ফুটবলার হবে। শিশুদের দিকে তাকালে আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমিও তাদের মতো শিশু ছিলাম, আমারও স্বপ্ন ছিল।
ছোটবেলায় আমি গোবেচারা, নিরীহ প্রকৃতির এক শিশু ছিলাম। এটা ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের সময়। আর আনন্দের হবে না কেন? ছোটবেলা এমন একটি সময়, যখন আমরা কোনো কিছুই চিন্তা করি না। চিন্তা না করেই যা ইচ্ছে তাই করি। যা চিন্তা করি তাই বলি, আমরা সবাই তখন ছিলাম সরল, নিষ্পাপ।
আমি ছোটবেলার স্বপ্ন বাস্তবে পরিণত করতে পেরেছি, আমি এখন ফুটবলার। আমার স্বপ্ন পূরণের জন্য আমি আনন্দিত। আমি বড়দের সঙ্গে খেলতে পছন্দ করতাম। আমি খেলার মাঠে ততক্ষণ ফুটবল খেলতাম, যতক্ষণ না আমার মা আমাকে ডাকত। যখন মাঠে খেলতে নামতাম, তখন আমি এখনকার মতোই বল নিয়ে দৌড়াদৌড়ি করে কিক দেওয়ার চেষ্টা করতাম। আমি বড়দের সঙ্গে খেলার সময় অনেক বেশ লাথি খেতাম। আমি লাথি খেয়ে পড়ে যেতাম, কিন্তু আমি আবার খেলা শুরু করতাম। যদি আমি বড়দের সঙ্গে তর্কে জড়াতাম, তাহলে তারা আমাকে মার দিত।
একেবারে ছোটবেলায় আমি খর্বাকৃতির আর হালকা-পাতলা ছিলাম। কিন্তু ১৩-১৪ বছর বয়সে আমি বড় হতে শুরু করি। আমার সাফল্য সম্পর্কে আমার স্পষ্ট কারণ রয়েছে। ছোটবেলা থেকে তোমাকে সব সময় বিশ্বাস করতে হবে, অনুভব করতে হবে তুমি ফুটবলার হতে পারো। যদি তুমি পরিশ্রম করো, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তোমার লক্ষ্যে ছুটতে থাকো; তাহলে তুমি যেখানে যেতে চাও, সেখানেই পৌঁছাতে পারবে। আমাদের সবারই জীবনে সুযোগ আসে, আমাদের এই সুযোগকে কাজে লাগাতে হবে। আমি মাত্র ১২ বছর বয়সে স্পোর্টিং দ্য লিসবোয়াতে খেলা শুরু করি। এরপর থেকে আমার ক্ষেত্রে যা ঘটেছে, তার সব কিছুই আমার জন্য ভালো ছিল। যদিও আমি মাদেইরা থেকে আমার পরিবার-পরিজন ছেড়ে চলে আসি। সে সময় আমি প্রত্যেক দিন কাঁদতাম। সে সময়টা ছিল আমার জন্য বেশ কষ্টকর। জীবন তখন জটিল হয়ে উঠেছিল। কিন্তু আমি সেই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হই।
আমি সব সময় নিজের ওপর বিশ্বাস রাখতাম। আমার বিশ্বাস ছিল, আমি জীবনে কিছু একটা করে দেখাব। আমার জন্য বাড়ি থেকে একাকী চলে আসা ছিল অনেক কষ্টকর অভিজ্ঞতা। আমি যাদের ভালোবাসতাম, তাদের ছেড়ে চলে গিয়ে দূরে সম্পূর্ণ নতুন পরিবেশে থাকা শুরু করি, সেখানে আমাকে কেউ চিনত না।
কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি যদি বাড়ি থেকে না আসতাম, তাহলে আজকের রোনালদো হতে পারতাম না। এ জন্য আমার পরিবারকে ধন্যবাদ যে তারা আমাকে ঘরে আটকে রাখেনি। আমার ভালো খেলার জন্য বাড়তি কোনো অনুপ্রেরণা প্রয়োজন হয় না। আমার দলের জন্য সব সময় আমি মন দিয়ে পরিশ্রম করে খেলি। সবার মতোই গোল করার জন্য, বল পাস দেওয়ার জন্য, বিপক্ষকে কর্নারের ফাঁদে ফেলার লক্ষ্যেই আমি মাঠে দৌড়াদৌড়ি করি। অন্যরা আমাকে নিয়ে সমালোচনা করতে কিংবা কটু কথা বলতে পারে। কিন্তু আমি তাদের ধার ধারি না। অনেকেই আমার বিপক্ষে কথা বলে, চিৎকার করে। তারাই আমাকে অপমান করে, আবার তারাই আমার সঙ্গে দেখা হলে বলে ‘ক্রিস্টিয়ানো! একটা ছবি!’
আমি মনে করি, সবাই আমার সমালোচক নন। গুটি কয়েক লোকই কেবল খেপিয়ে তোলে। তারা ভীষণ ধরনের নির্বোধ! তারা আমার সমালোচনা কেন করে আমি জানি না। আমি খুঁটিয়ে খুঁটিয়ে সমালোচনার কারণ খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু আমি আসলেই জানি না কারণ কী হতে পারে। কারণগুলো কী হতে পারে—আমি ভালো খেলোয়াড়, নাকি দেখতে হ্যান্ডসাম; না দেখতে কুৎসিত, নাকি আমি ঈর্ষাপরায়ণ? সত্যি বলতে, আমি আমার সমালোচকদের সমালোচনার কারণ জানি না। আমি ভণ্ড কিংবা প্রবঞ্চক নই। আমি মুখের ওপর কথা বলে দিই। আপনি যদি তা পছন্দ না করেন, তাহলে আমার কীই বা করার আছে। আমি সব সময়ের জন্য নম্র থাকার চেষ্টা করি। সবশেষে, তুমি যদি আমার জন্য সহানুভূতি দেখাও, তাহলে আমিও তোমার প্রতি ভালো আচরণ প্রদর্শন করব।
আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ছিল আমার সন্তানের জন্ম। বাবা হওয়ার পর থেকে আমার জীবন বদলে গেছে। শুরুতে এটা আমার জন্য বেশ অবাক করা বিষয় ছিল। কিন্তু ধীরে ধীরে আমি আমার সন্তানের সঙ্গে মানিয়ে নিই। এখন আমি ভীষণ খুশি। এটা আমার জন্য স্বপ্ন ছিল এবং আমার এই স্বপ্নপূরণ হয়েছে। আমার সন্তানকে দেখতে আমার মতোই লাগে। কিন্তু আমার মা ও বোন এটা মানতে চায় না। কিন্তু সত্যি বলতে আমার সন্তান দেখতে বেশ সুদর্শন। ভবিষ্যতে তাকে অনেক চাপে থাকতে হবে। রিয়েল মাদ্রিদ দলের হয়ে খেলা একজন খেলোয়াড়ের সন্তান হিসেবে তাকে অনেক ঝড় সহ্য করতে হবে। চারপাশের পরিবেশের সঙ্গে তাকে ধীরে ধীরে মানিয়ে নিতে হবে। যদিও ব্যাপারটা বেশ কঠিন হবে।
আমি যখন বাড়িতে থাকি, তখন আমি টুকটাক ফুটবল খেলা দেখি। কিন্তু সত্যি বলতে কি, আমি ফুটবল খেলা তেমন একটা দেখি না। আমি অন্য সব ধরনের খেলার ভক্ত। আমি বাস্কেটবল, পিংপং খেলা থেকে শুরু করে অনেক মুভি দেখি। কিন্তু বাড়িতে আমি সবচেয়ে বেশি চর্চা করি ইংরেজি ভাষা। এই ভাষা যেন আমি ভুলে না যাই, সে জন্যই আমার এই প্রচেষ্টা। আমি পর্তুগিজ ভাষাও তেমন ভালো বলতে পারি না। কিন্তু আমি চেষ্টা করে যাই। শিখতে তো দোষ নেই। আমি যখন ২৩ বছর বয়সে পৌঁছাই, তখন আমি নতুন করে নানা কিছু শেখা শুরু করি। আমি আমার সন্তানকেও শিক্ষিত করে গড়ে তুলব।
আমি অনুশীলন থেকে বাড়ি ফিরে সব সময় বেশি বেশি খবর দেখার চেষ্টা করি। আমাদের এই পৃথিবীর খবরাখবর সম্পর্কে আমার বেশ আগ্রহ। কোথায় কী হয় তা আমি জানতে চাই। আমি বেশ রাত জাগি না বা ঘুমাই না। আমি প্রতিদিন ঘড়িতে সাড়ে ১১ বা ১২টা বাজলে ঘুমিয়ে পড়ি। সকাল সাড়ে আটটার মধ্যে আমি ঘুম থেকে উঠে মাঠে অনুশীলনের জন্য চলে যাই। আমি দুপুরের খাবার আমাদের বাড়িতেই খাই। আমার মা বেশ ভালো রান্না করেন। মাঝে মাঝে বন্ধুদের নিয়ে আমি রেস্তোরাঁয় খেতে যাই। কিন্তু বেশির ভাগ সময়ই আমি বাড়িতে রাতের খাবার খাই। আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি।
আমি যদি ফুটবলার না হতাম, তাহলে পড়াশোনা চালিয়ে যেতাম। ফুটবলের জন্য মাত্র ১৬ বছর বয়সে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমি ছোটবেলায় তেমন খারাপ ছাত্র ছিলাম না। আমি পরিশ্রম করতাম। তবে আমি পড়তে পড়তে চশমা নেওয়া শিশুদের মতো ছিলাম না। আমি স্কুল-বাসা সব জায়গায়ই শেখার চেষ্টা করতাম। ডাক্তার বা আইনজীবী হতে অনেক বছর লাগে বলে ওসব বিষয়ে আমার আগ্রহ ছিল না। ফুটবলার না হলে দ্রুত পড়াশোনার পাট চুকিয়ে আমি মার্কেটিং বিষয়ে পড়তাম অথবা ক্রীড়া শিক্ষক হতাম।

তথ্যসূত্র: ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি স্প্যানিশ রেডিও এল লার্গুইরোকে দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর সাক্ষাৎকার অবলম্বনে লিখেছেন জাহিদ হোসাইন খান