
ভুভুজেলার পর ডায়াবোলিকা!
মনে আছে, ২০১০ বিশ্বকাপের সেই ভুভুজেলার কথা? সেবার ম্যাচ চলার সময় অবিরত ‘ভোঁ ভোঁ’ আওয়াজে কানের বারোটা বাজার জো! ভাবছেন, ব্রাজিল বিশ্বকাপে বোধ হয় এ ‘যন্ত্রণা’ থেকে মুক্ত থাকা যাবে। মোটেও না, ভুভুজেলার জবাবে আসছে ‘ডায়াবোলিকা’। বেলজিয়ামের দুই তরুণের বানানো এই বাঁশি আকৃতি আর আওয়াজে কান ফাটানো ভুভুজেলার থেকে কিছুটা আলাদা বৈকি। পকেটে অনায়াসে চালান করে দেওয়া যায় ডায়াবোলিকা। আওয়াজ অনেকটা বিদ্যুতে চালিত ‘হ্যান্ড ড্রিল’-এর মতো। শব্দের মাত্রা ৯৮ ডেসিবেল পর্যন্ত। বাজারে আসার পর প্রথম সপ্তাহে ১০ হাজার বাঁশি বিক্রি শেষ। ধারণা করা হচ্ছে, বিক্রিবাট্টার পরিমাণ টুর্নামেন্টে ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। রয়টার্স

বিশেষ দর্শন
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। প্রায় সব দলই শুরু করেছে অনুশীলন। সুইজারল্যান্ড দল আপাতত ঘাঁটি গেড়েছে ওয়েগিসে। খেলোয়াড়দের অনুশীলন ঠিকঠাক হচ্ছে কি না, সেটি দেখতেই মাঠের পাশে হঠাৎ তাদের আগমন। চুপচাপ অবলোকন করে আবার মন দিল যে যার কাজে। ‘কাজ’ বলতে ঘাস খাওয়া! মাঠের পাশেই যে বিস্তীর্ণ তৃণভূমি। ছবিতে অবশ্য একজনকেই দেখা যাচ্ছে। অপর তিনজন ‘গোগ্রাসে’ ঘাস গিলছিল বলে হয়তো ছবিতে ঠিকমতো পোজ দেওয়ার সময় পায়নি! রয়টার্স
গ্রন্থনা: রানা আব্বাস