
হারানদাকে ছোটবেলায় দেখেছি নিজ হাতে তৈরি তালপাতার ফুটবল, জাম্বুরা এমনকি বাতিল বলের ভেতর খড়কুটা ভর্তি করে ফুটবলচর্চা করতে। ডজন ডজন গোল করা ছিল তাঁর স্বভাব। তবে স্কোর গোলশূন্য থেকে যেত যদি দ্বিতীয় কোনো খেলোয়াড় ওই খেলায় অংশ নিত। স্কুল-কলেজেও তাঁকে দেখেছি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে। নির্বাচকমণ্ডলী তালিকার ১ নম্বরেই রাখতেন তাঁকে। কারণ, তাঁর মতো ভালো বলবয় আর ছিল না যে।
সংসারজীবনে যতই টানাটানি থাক, বিশ্বকাপে ব্রাজিল জিতলে মোরগ জবাই, আর্জেন্টিনার বেলায় খাসি জবাই দেওয়া চাই তাঁর। প্রায় সব দলের ওপরই তাঁর অসীম মায়া। গতবার আর্জেন্টিনার পরাজয়ে কেঁদেকেটে অস্থির, তার আগেরবার জিদানের লাল কার্ডে অশ্রু আটকাতে পারেননি।
এই মানুষটা পতাকার বেলায়ও সরেস। ছোট-বড় অনেক দলের পতাকা তাঁর ঘরে, মাচায়, গাছের আগায়। তবে এসবে তাঁর স্ত্রী ভীষণ বিরক্ত। ফুটবল নাকি তাঁর সতিন। প্রায়ই বলেন, ‘আমার সামনে ফুটবলের কথা তুলবা না, খবরদার! এসব মনে থাকে আর বিয়ের তারিখটাই মনে রাখতে পারো না।’
‘মনে নেই মানে? ব্রাজিল যেদিন কাপ নিল, ঠিক তার দুদিন পরেই না বিয়ে হলো!’ হারানদার সটান উত্তর। উচ্চ স্বরে কেঁদেকেটে তাঁর স্ত্রী বললেন, ‘আমার মরা বাপের দোহাই লাগে, এই বিষয়ে আর কথা বলবা না।’ হারানদাও আবেগাপ্লুুত হয়ে বললেন, ‘আহারে, মনে করাইয়া দিলা। আমার শ্বশুরমশাই মারা গেলেন বইলাই তো পরদিন আর্জেন্টিনা জার্মানির কাছে চার গোলে হারল।’ কথাটা শুনে হারানদার স্ত্রী বাক্রুদ্ধ হয়ে পড়লেন। এই বাক্রুদ্ধতা বিশ্বকাপ চলাকালীন স্থায়ী হওয়ার প্রবল আশঙ্কা আছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
নিপা মণ্ডল
সরকারি বিএল কলেজ, খুলনা