ফুটবলার হয়েছি আম্মার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা মনোয়ারা বেগমের সঙ্গে আমিনুল হক
মা মনোয়ারা বেগমের সঙ্গে আমিনুল হক

১৯৯৩ সাল। ষষ্ঠ শ্রেণীতে পড়ি। পল্লবী মডেল হাইস্কুলে। খেলাধুলার খাতায় অবশ্য আগে থেকেই নাম লিখিয়েছি। মিরপুর এলাকায় ফাঁকা মাঠে ফুটবল নিয়ে ওই সময় থেকেই দাপাদাপি আমার। কিন্তু এসব দাপাদাপি একজন মানুষ ভালো চোখে দেখতেন না। তাঁর ভয় হতো, এই বুঝি ছেলে তাঁর পা ভাঙল, হাত গুঁড়িয়ে আনল। আমি দেখি, আমার জন্য তাঁর চোখে-মুখে চিন্তার রেখা স্পষ্ট। ভয়ে প্রায়ই সেই একজন চুপসে যান। তিনি আমার মা। আমার প্রিয় ‘আম্মা’ মনোয়ারা বেগম।
খুব ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি। তারপর বাবা বলি, আর মা বলি ওই একজনই। আগলে রেখে মানুষ করেছেন আমাদের। আমরা তিন ভাই। সবার ছোট হওয়ার কারণে আদর-ভালোবাসার ভাগটা মনে হয় একটু বেশিই ছিল আমার দিকে। যে কথা বলছিলাম, ১৯৯৩ সালে স্থানীয় একটা ফুটবল প্রতিযোগিতায় খেলতে যাই। কী করে জানি আমার দল চ্যাম্পিয়ন হয়ে যায়। সেরা খেলোয়াড় হিসেবে প্রাইজমানি পাই ১৫০ টাকা। খেলাধুলা করেই শুধু না, আমার জীবনের প্রথম আয় ওই টাকা। আম্মার হাতে যখন তুলে দিলাম টাকাগুলো, তখন তাঁর চোখ-মুখ ছিল দেখার মতো। তখন থেকেই একটু-আধটু খেলার পক্ষে চলে যায় মায়ের দৃষ্টিভঙ্গি। অবশ্য এর পেছনে খেলোয়াড় বড় ভাইও একটা কারণ বটে। সত্যি কথা হলো, আমি যে আজকের আমিনুল হক এর পেছনে যাঁর অবদান তিনি আমার আম্মা। তাঁর উৎসাহ, অনুপ্রেরণা ও দোয়ার কারণেই ফুটবলার আমিনুল হক হয়েছি।
তাঁর আদরের ছোট্ট দু-একটা উদাহরণ দিলে সবাই বুঝবে। আমি ঘুম থেকে উঠি দেরি করে। ১০টা-১১টা বেজে যায়। মা সকাল সাত-আটটায় ঘুম ভাঙিয়ে এক গ্লাস পানি খাইয়ে দিতেন। তারপর আবার ঘুমিয়ে যেতাম। এর পেছনে আম্মার যুক্তি হলো, পেট অনেকক্ষণ খালি থাকলে গ্যাস্ট্রিকজাতীয় সমস্যা দেখা দিতে পারে। আমি যে বড় হয়েছি, বিয়ে করেছি, তবু প্রতিদিন আম্মা এই কাজ করতেন। আর একটা কাজ তিনি করতেন, প্রতিদিন বাইরে যাওয়ার সময় আমার হাত ধরে দোয়া করে দিতেন। বাইরে থেকে এসে আমিও প্রতিদিন আম্মার ঘরে আগে যেতাম। তাঁর সঙ্গে দেখা করে তবেই নিজের ঘরে ঢুকতাম। আম্মার কাছ থেকে ছোটবেলা থেকেই যে সুবিধা নিতাম, তা হলো তাঁর হাতে ভাত খাওয়া। আমার ধারণা, এই সুবিধা সব ছেলেমেয়েই নেয়। আমি মনে হয় একটু বেশিই নিতাম, বড় হওয়ার পরও মাঝেমধ্যেই মুখে তুলে খাইয়ে দিতেন আম্মা। আমিও ছোট বাবুর মতো খেয়ে নিতাম। আমার ছেলেমেয়েরা দেখে হাসাহাসি করত।

মা
মা

মোট কথা, আম্মার সঙ্গে আমার সম্পর্ক ছিল মধুর। বলা যায় অনেকটা বন্ধুর মতো। কিন্তু একটা কাজ আম্মা কখনোই করতেন না, তিনি আমার খেলা দেখতেন না। টিভিতেও না। এর বড় কারণ হলো, খেলতে গিয়ে আমি যদি ব্যথা পাই, তখন তিনি সহ্য করতে পারবেন না। ওই সময়টা তিনি জায়নামাজে বসে থাকতেন। আমার জন্য দোয়া করতেন। আমি খেলা শেষ করে বাসায় না ফেরা পর্যন্ত তিনি বসেই থাকতেন। খেলা জিতে এলে আম্মার খুশি ছিল দেখার মতো। আমার পাওয়া মেডেলটা বাসায় এসে আগে আম্মাকে পরিয়ে দিতাম। পরাজিত হয়ে ফিরলেও সমস্যা ছিল না। আম্মা আদর আর উৎসাহ দিয়ে সেটা ভুলিয়ে দিতেন। আমিও বিশ্বাস করি, তিনটা সার্জারি আর অসংখ্যবার পা ভাঙার পর এখনো যে খেলতে পারি তার কারণ হলো আল্লাহর রহমত ও আম্মার দোয়া।
তবে জানামতে, আম্মার মনে একবার কষ্ট দিয়েছিলাম। তা হলো তাঁকে না জানিয়ে ২০০০ সালে বিয়ে করে ফেলি। তিনি জানতে পেরে কষ্ট পেয়েছিলেন। কিন্তু বিয়ের পর আমার স্ত্রী এবং আম্মার মধ্যে এত ভালো সম্পর্ক হয়ে যায় যে পরে সেসব ভুলে যান তিনি।
আম্মার মৃত্যুটা আমার জন্য অনেক বেশি বেদনার। জানি, সব মায়ের মৃত্যুই সন্তানের কাছে বেদনার। কিন্তু আমারটা বেশি কষ্টের। আমি যে কী হারিয়েছি, সেটা আমিই শুধু জানি। ২০১২ সালের ১৮ জুলাই তিনি চলে যান না ফেরার দেশে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগে থেকেই অসুস্থ ছিলেন আম্মা। শুরুতে ঢাকায় চিকিৎসা করাই। এখানকার চিকিৎসকেরা তেমন কিছু ধরতে পারেন না। পরে সিঙ্গাপুর নিয়ে যাই। ওখানে গিয়ে মায়ের স্টমাক ক্যানসার ধরা পড়ে। কেমো থেরাপি দেওয়ার কথা বলেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসা শেষ হওয়ার আগেই আমাদের এতিম করে চলে যান আমার আম্মা।
অনুলিখিত

মা নিয়ে লিখেছেন—