ফুটবলে পেনাল্টি ঠেকাতে গোলরক্ষকের ভুল ধারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে নেদারল্যান্ডসের গোলরক্ষক টিম ক্রাল কোস্টারিকার একটি টাইব্রেকার শট ঠেকিয়ে দেন
বিশ্বকাপে নেদারল্যান্ডসের গোলরক্ষক টিম ক্রাল কোস্টারিকার একটি টাইব্রেকার শট ঠেকিয়ে দেন

ফুটবলে পেনাল্টি কিক বা টাইব্রেকার শট ঠেকাতে গোলরক্ষকের অনুমানে প্রায়ই ভুল হয়। প্রতিপক্ষের খেলোয়াড় হয়তো শট নিলেন গোলপোস্টের ডান কোণ লক্ষ্য করে, আর গোলরক্ষক ঝাঁপ দিলেন বাঁ দিকে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) একদল মনোবিজ্ঞানী বলছেন, গোলরক্ষকেরা পেনাল্টি শট ঠেকাতে গিয়ে একটি অনুমানযোগ্য ভুল করেন। আর এটি খেলায় বেশ প্রভাব ফেলে। টাইব্রেকারে একই দিকে পর পর তিনটি শট হওয়ার পর গোলরক্ষকদের মধ্যে বিপরীত দিকে ঝাঁপ দেওয়ার প্রবণতা দেখা যায়। তবে যেসব খেলোয়াড় শটটি নেন, তাঁরা বিষয়টি ধরতে পারেন না।
ব্রাজিলে সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে চারটি ম্যাচের ফলাফল টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হয়েছে। এবারের বিশ্বকাপে ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজার ও নেদারল্যান্ডসের গোলরক্ষক টিম ক্রাল পেনাল্টি শট ঠেকানোর ক্ষেত্রে বিশেষ নৈপুণ্য দেখিয়েছেন। ইউসিএলের ওই গবেষকেরা ১৯৭৬ থেকে ২০১২ সাল পর্যন্ত অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ফুটবল বিশ্বকাপের সব পেনাল্টি শট এবং সেগুলো প্রতিরোধে গোলরক্ষকদের তৎপরতার ধরন বিশ্লেষণ করেন। গবেষণায় নেতৃত্ব দেন সেখানকার গবেষক এরম্যান মিসিরলিসয়। এ–সংক্রান্ত গবেষণা প্রবন্ধটি কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষকেরা বলেন, পেনাল্টি শট ঠেকাতে গিয়ে গোলরক্ষকেরা ‘জুয়াড়ির ভুল বিশ্বাস’ অনুসরণ করেন। আর সেটি হলো, কোনো ধাতব মুদ্রা ছুড়লে হেড অথবা টেল দুটির যেকোনো একটি ওপরে থাকার সম্ভাবনা সব ক্ষেত্রেই ৫০ শতাংশ। পয়সাটি যতবারই ছুড়ে দেওয়া হোক না কেন, সব সময়ই সম্ভাব্যতা একই থাকে। কিন্তু মানুষের ভুল ধারণাটি হচ্ছে, একবার হেড উঠে যাওয়ার পর টেল ওঠার সম্ভাবনা বেশি। আর ফুটবল খেলায় পেনাল্টি কিকটি গোলরক্ষকের কোন পাশে হবে এবং গোলরক্ষক কোন দিকে ঝাঁপ দেবেন, সেই দুই ক্ষেত্রেই যেকোনো একটি ঘটনার সম্ভাব্যতা ৫০ শতাংশ। কিন্তু বাস্তবে দেখা যায়, পেনাল্টি কিক ঠেকাতে গিয়ে তিনটি শট একই দিকে হওয়ার পর পরবর্তী কিক অন্যদিকে হবে মনে করে ঝাঁপ দেন ৬৯ শতাংশ গোলরক্ষক। আর ৩১ শতাংশ গোলরক্ষক ওই তিনটি শটের দিকেই ঝাঁপ দেন।
২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও পর্তুগালের মধ্যে খেলাটি টাইব্রেকারে গড়ায়। পর্তুগালের খেলোয়াড়েরা প্রথম তিনটি শট নেন গোলবারের বাঁ দিকে লক্ষ্য করে। চতুর্থ খেলোয়াড়টিও একই দিক লক্ষ্য করে শট নেন। কিন্তু তখন ইংল্যান্ডের গোলরক্ষক ঝাঁপ দিয়েছিলেন ডান দিকে। ওই খেলায় পর্তুগাল জয়ী হয়। ইউএলসির গবেষক মিসিরলিসয় বলেন, ফুটবলে পেনাল্টি বা টাইব্রেকারে শট নেওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষের গোলরক্ষকের ভাবনা অনুমান করতে পারলে খুব ভালো কিক না নিয়েও শুধু দিকের হেরফের দিয়েই জয়ী হওয়া সম্ভব। তবে এ ক্ষেত্রে কিক নেওয়ার বিষয়ে দলগত সিদ্ধান্ত নিতে হবে। টাইব্রেকার শট নেওয়ার সময় প্রত্যেক খেলোয়াড়ই নিজের কিকের প্রতি বেশি মনোযোগ দেন এবং তাঁদের ওপর প্রচণ্ড চাপ থাকে।
গোলরক্ষকের প্রতি গবেষকদের উপদেশ হলো, টাইব্রেকার শট শুরু হওয়ার আগেই একটি পরিকল্পনা করে নিতে হবে এবং যা-ই ঘটুক না কেন, ওই পরিকল্পনায় অটল থাকতে হবে। তবে পেনাল্টি কিকের ক্ষেত্রে গোলবারের মাঝবরাবর কিক এবং এ থেকে গোল হওয়ার সম্ভাবনা নিয়ে গবেষকেরা বলেন, মাঝবরাবর কিক করা হয় মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে। আর গোলরক্ষক গোলবারের মাঝামাঝি থাকেন ২ দশমিক ৫ শতাংশ ক্ষেত্রে। বিবিসি।