ফুটবলের বিস্ময় ব্রাজুকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপে যে বিশেষ ফুটবলটি নিয়ে মাঠের লড়াই হবে, তার নাম ব্রাজুকা৷ ক্রীড়াসামগ্রী উৎপাদনকারী জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসের তৈরি ফুটবলটি এতটাই নিখুঁত যে এর গতি ও দিক নিয়ে খেলোয়াড়েরা বিভ্রান্ত হবেন না৷ ব্রাজুকা নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষার পর এমনটাই দাবি করেছেন জাপানের একদল গবেষক৷
ব্রাজুকা নিয়ে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া গবেষক সাংচান হং ও তাকেশি আসাই সম্প্রতি বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা চালান৷ সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে তাঁদের গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে৷
গবেষকেরা সুড়ঙ্গে বায়ুপ্রবাহ ও লাথি মারতে সমর্থ রোবটের মাধ্যমে পাঁচ ধরনের ফুটবল (ব্রাজুকা, টিমজিস্ট টু, জাবুলানি, ৩২ প্যানেলের অ্যাডিডাস কাফুসা বল ও সাধারণ ৩২ প্যানেল ফুটবল) নিয়ে পরীক্ষা চালান৷ বাতাসের বাধায় এসব ফুটবলের গড়িয়ে চলার সামর্থ্য এবং একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রমের বিষয়টি যাচাই করে দেখা হয়৷ দুটি পরীক্ষায়ই ব্রাজুকার সাফল্য সবচেয়ে বেশি৷
গবেষকেরা বলেন, সাধারণ ফুটবল ৩২টি পঞ্চভুজ বা ষড়ভুজ আকৃতির অংশ (প্যানেল) জোড়া দিয়ে তৈরি হয়৷ কিন্তু ব্রাজুকায় রয়েছে মাত্র ছয়টি প্যানেল জোড়া৷ এই নকশা বলটিকে দিয়েছে বাজারের যেকোনো বলের চেয়ে দীর্ঘস্থািয়ত্ব৷ অতিরিক্ত সেলাই বা জোড়াযুক্ত ফুটবল নিয়ে অতীতের বিভিন্ন বিশ্বকাপে নানা জটিলতা দেখা দিয়েছে৷ তাই গত কয়েকটি আসরে ব্যবহৃত ফুটবলে প্যানেলসংখ্যা ক্রমে কমিয়ে আনা হচ্ছে৷ ২০১০ ফুটবল বিশ্বকাপে ব্যবহৃত বল জাবুলানিতে মাত্র আটটি প্যানেল ছিল৷ সূত্র: লাইভসায়েন্স৷