ফুলি এখন স্বাবলম্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ধারেই মায়াভরা ছোট্ট একটি গ্রামে জন্ম ফুলির। বাবা-মা, কাকা-জ্যাঠার আদরে বেড়ে ওঠা ফুলি দাস একসময় স্কুলে ভর্তি হয়। মেধাবী ফুলি শুধু যে পড়াশোনাতেই ভালো ছিল তা নয়, আঁকতেও পারত দারুণ। গ্রামে ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তার কাছ থেকে পুরস্কার কেড়ে নেওয়ার মতো আর কেউ আঁকতে পারত না। গ্রামের ছোট-বড় সবার সঙ্গেই ছিল তার দারুণ ভাব। কিন্তু এই ভাবই ফুলির কাল হলো। এটি কোনো গল্প নয়, সত্য ঘটনা।

আজ থেকে ২২ বছর আগে। ঢাকে কাঠি ঢোলে কাঠি করে বেশ জাঁকজমকভাবেই শেষ হলো সেবার গ্রামের দুর্গাপূজা। পঞ্চম শ্রেণীর ফুলির বার্ষিক পরীক্ষা শেষ। শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। গরম কাপড় পরে এ-বাড়ি ও-বাড়ি মায়ের হাত ধরে পাড়া বেড়ানো, শীতের পিঠার স্বাদ নেওয়া—এভাবেই কাটছিল দিন। একদিন গ্রামের আবদুল করিমের বাসায় দাওয়াত খেতে যায় ফুলির পরিবার। কোরবানি ঈদের আরও কদিন বাকি। কিন্তু গ্রামের ছোট শিশুদের ঈদের আনন্দ আরও আগেই শুরু হয়ে গেছে। আবদুল করিমের ছোট মেয়ে আফসানা আবার ফুলির স্কুলের সহপাঠী। দুপুরে খাওয়ার সময় বাড়ি ফিরে এলেও বিকেলে আফসানার জোরাজুরিতে ফের তাদের বাড়িতে যায় ফুলি। কিন্তু রাতে ফিরে না এলে শুরু হয় ফুলির খোঁজ। এমনকি আফসানার বাড়িতেও খোঁজ মেলে না তার। পুরো গ্রামে খবর হয়ে গেলেও ফুলির খোঁজ আর পাওয়া যায় না। মাস খানেক পর ফুলির খবর মিললেও তত দিনে তাকে ফেরত নিয়ে আসতে আগ্রহ হারিয়ে ফেলে ফুলির পরিবার।

ফুলির মুখেই শোনা গেল সেই কাহিনি। ওই রাতে ফুলিকে জোর করে অন্য একটি গ্রামে নিয়ে বিয়ে করেন আফসানার খালাতো ভাই রশীদ। ফুলিকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়। মাত্র ১৩ বছরের ফুলিকে বাধ্য করা হয় শারীরিক সম্পর্ক স্থাপনে। রাজি না হলে কপালে জুটত মারধর। শিশু ফুলি পুতুলের বিয়ে দিত। কিন্তু সত্যিকারের বিয়েতে এত কষ্ট, তা অনুভব করে ভেঙে পড়ে ফুলি। একদিন ফুলি নিজের শরীরে অনুভব করে অন্য জীবনের অস্তিত্ব। অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ফুলির প্রতি রশীদের আগ্রহ কমলেও সংসারের কাজ সব তাকেই করতে হতো। পান থেকে চুন খসলেই জুটত চড়-থাপ্পড়।

এরপর ফুলি জন্ম দেয় এক কন্যাসন্তানের। সন্তান জন্মের এক মাসের মাথায় কিছু লোকের সাহায্যে নিজ গ্রামে নিজ বাড়িতে ফিরে আসে ফুলি। কিন্তু তাকে আর কেউ মেনে নেয় না। অন্য ধর্মের লোকের সন্তান। তাই তার মেয়েকে মেরে ফেলতে চান ফুলির মা-বাবা। রাজি হন না ফুলি। এভাবেই কাটে আরও একটি বছর। এখন আর কেউ তার সঙ্গে মেশে না। পড়াশোনা করতে চাইলেও সুযোগ মেলে না। মা যা-ও একটু কথা বলে, বাবা-দাদা-কাকারা সবাই দূর দূর করেন ফুলিকে।

অসীম সাহসে ভর করে ১৬ বছরের ফুলি মেয়ে কোলে একদিন চলে আসে চট্টগ্রাম শহরে। এদিক-সেদিক ঠোকর খেতে খেতে দেখা হয় এক মহীয়সী নারীর সঙ্গে, যিনি ফুলির কথা শুনে, তাকে নিজের অফিসে পরিচ্ছন্নতার কাজ দেন। শুধু তা-ই নয়, ওই নারী তাঁকে পড়ালেখা করার সুযোগ করে দেন। ওই অফিসের কাজের পাশাপাশি সেলাইয়ের কাজ করে সন্তানের পড়া ও নিজের খরচ জোটায় ফুলি। শুরু হয় ফুলির নতুন জীবন।

আজ ফুলি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। আর তার মেয়ে পড়ছে একটি বেসরকারি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে। ফুলি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় স্নাতকে পড়ালেখা করছে। শেষ সেমিস্টার চলছে। ফুলির ইচ্ছা স্নাতকোত্তর পড়ার। নিজের জীবনে যা ঘটে গেছে, তার বিন্দুমাত্র যেন মেয়ের জীবনে পুনরাবৃত্তি না ঘটে, এটাই ফুলির একমাত্র চাওয়া। মেয়ে চিকিৎসক হয়ে গরিব অসহায় মানুষ, বিশেষ করে নারীদের সাহায্য করবে বলে স্বপ্ন দেখে ফুলি।

(কৃতজ্ঞতা জানাই মহিলা পরিষদকে। এ প্রতিবেদকের সঙ্গে তারাই ফুলির পরিচয় ও যোগাযোগ করিয়ে দেয়। ফুলি ছদ্মনাম। তার নিষেধাজ্ঞার কারণে তার গ্রামের বাড়ি, বাবার নাম, মেয়ের নাম ও সেই মহীয়সী নারীর নামও প্রকাশ করা হলো না।)