ফেনক্সের সহযোগী হলেন শামীম আহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীম আহসান
শামীম আহসান

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালে ‘জেনারেল পার্টনার’ হিসেবে যোগ দিয়েছেন শামীম আহসান। তিনি এখনি ডটকমের প্রধান নির্বাহী ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিসের) সভাপতি।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিলিকন ভ্যালির বিনিয়োগ সহযোগী প্রতিষ্ঠানটি।
শামীম আহসান বলেন, ‘ফেনক্সের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত।’ এই অংশীদারত্ব ‘ওয়ান বাংলাদেশ’-এর রূপকল্প বাস্তবায়নে সহায়তা করবে। তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি ও তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করা ওয়ান বাংলাদেশের লক্ষ্য। ফেনক্সের পরামর্শ, আন্তর্জাতিক নেটওয়ার্ক ও আর্থিক সহায়তার মাধ্যমে দেশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে যাওয়ার সুযোগ পাবে।
শামীম আহসান আরও বলেন, বাংলাদেশে স্টার্টআপে ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে ফেনক্স। প্রযুক্তি, ইন্টারনেট ও মিডিয়ার ক্ষেত্রে বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটি কাজ শুরু করছে। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল ২০১১ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
ফেনক্সের প্রধান নির্বাহী আনিসউজ্জামান বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে সম্ভাবনাময় বাংলাদেশ। ফেনক্স বাংলাদেশে বিনিয়োগের জন্য তহবিল তৈরি করছে, যা উদ্যোক্তাদের আন্তর্জাতিক নেটওয়ার্কের আওতায় আনতে সহায়তা করবে।’ (বিজ্ঞপ্তি)