ফেনী ও পঞ্চগড়ে ডিজিটাল বাংলাদেশ নিয়ে সেমিনার
ফেনী ও পঞ্চগড়ে গতকাল বুধবার ডিজিটাল বাংলাদেশ নিয়ে দুটি আলাদা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুটি সেমিনারেরই বিষয় ছিল ‘ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য ও অর্জন ২০২১’। ফেনী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানদের নিয়ে গতকাল অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম মূল বক্তব্যে বলেন, সরকার চারটি লক্ষ্য নিয়ে কাজ করছে। সেগুলো হলো: মানবসম্পদ উন্নয়ন, জনসম্পৃক্ততা, জনপ্রশাসন ও তথ্যপ্রযুক্তির ব্যবহার। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান। বক্তৃতা করেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ মজুমদার, জুলেখা আক্তার, সোনাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর হোসেন, শহীদ মেজর সালাহউদ্দিন (বীর উত্তম) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ভূঞাসহ অনেকে।এদিকে গতকাল একই বিষয়ে আরেকটি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয় পঞ্চগড় সদর উপজলোর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণকেন্দ্রে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক, ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহীনুর রহমান। এই সেমিনারে ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপট ও স্থানীয় সুশাসন প্রতিষ্ঠায় তথ্যপ্রযুক্তির ভূমিকা ও ব্যবহার, রূপকল্প ২০২১-এর লক্ষ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এতে সদর উপজেলার সব মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান, কম্পিউটার শিক্ষক, ইউনিয়ন-সচিব, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের পরিচালকেরা উপস্থিত ছিলেন। —ফেনী ও পঞ্চগড় প্রতিনিধি