ফেব্রুয়ারিতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫

আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তথ্যপ্রযুক্তি ভিত্তিক চার দিনের আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’। গতবারের মতো এবারও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে এই আয়োজন করছে।
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ আয়োজনের প্রাথমিক কার্যক্রম হিসেবে গতকাল রোববার আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বেসিসের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। বিসিসির পক্ষে এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম ও বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ চুক্তি স্বাক্ষর করেন।
বেসিস সূত্র জানিয়েছে, আইসিটি বিভাগ ও বেসিস যৌথভাবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’ আয়োজন করে। ওই ধারাবাহিকতায় এবারের ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫-তে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং তথ্যপ্রযুক্তিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, নির্বাহী পরিচালক সামি আহমেদ প্রমুখ।