ফেব্রুয়ারিতে ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আগামী বছরের ৯ থেকে ১২ ফেব্রুয়ারি হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তির আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’। এবারও এ আয়োজন হতে যাচ্ছে সরকারি-বেসরকারি উদ্যোগে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ডিজিটাল ওয়ার্ল্ডের ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, এবারও সরকারের আইসিটি বিভাগ এবং তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে এই আয়োজন করতে যাচ্ছে। এর আগে এ ধরনের তিনটি আয়োজন করা হয়েছিল। সেসবের অভিজ্ঞতা নিয়ে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ আয়োজন করা হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অর্জনগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। আমরা জানাতে চাই, জানতে চাই, দেখতে চাই, দেখাতেও চাই। ডিজিটাল ওয়ার্ল্ড আমাদের জন্য সে সুযোগের দুয়ার খুলে দেবে।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইসিটি প্রতিমন্ত্রী জানান, ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর বাজেট ছিল নয় কোটি টাকা। এর মধ্যে সরকার সাত কোটি টাকা ও বেসিস দিয়েছিল দুই কোটি টাকা। আগামী আয়োজনের বাজেট এখনো চূড়ান্ত হয়নি বলে জানা যায়।
সম্মেলনে আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদার, অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ সম্মেলনে জানান, এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে আলাদা করে বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) অঞ্চল থাকবে ও বিপিও সম্মেলন করা হবে।
এ ছাড়া নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড বা এনটিএফ-৩ প্রকল্পের আওতায় বিদেশি সফটওয়্যার প্রতিষ্ঠানের বিজনেস-টু-বিজনেস (বিটুবি) উদ্যোগ বিনিময় করা হবে।
বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে একটি বিনিয়োগ সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এ আয়োজনে ই-কমার্সের জন্য আলাদা অঞ্চল থাকবে।
বেসিসের বার্ষিক সফটওয়্যার মেলা সফটএক্সপো এবারও এ আয়োজনের মধ্যে থাকছে। এ ছাড়া উদ্ভাবন ও মোবাইল অঞ্চল থাকবে এতে।
সম্মেলনে এ আয়োজনের একটি ওয়েবসাইটের (www.digitalword.org.bd) উদ্বোধন করা হয়। এই সাইটে এ আয়োজন সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫-এর সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটস বাংলাদেশ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং, বাংলাদেশ উইমেন ইন আইটি, সিটিও ফোরাম ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।