ফেব্রুয়ারিতে ঢাকায় প্রযুক্তি পণ্যের আন্তর্জাতিক মেলা
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় তথ্যপ্রযুক্তি পণ্য ও উৎপাদকদের আন্তর্জাতিক মেলার আয়োজন করবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। ‘আইটি প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার শো’ নামে এ আয়োজনে বিশ্বের সেরা ব্র্যান্ড ও নির্মাতা প্রতিষ্ঠানের অংশ নেবে। গত বুধবার রাজধানীর একটি হোটেলে বিসিএস আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ।
এ আয়োজনে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, সরকার প্রান্তিক পর্যায়ে প্রযুক্তিসেবা পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তি বাণিজ্য সংগঠন বিসিএসের পাশে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ ও আইসিটি সচিব নজরুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন বিসিএসের মহাসচিব নজরুল ইসলাম। এ আয়োজনে টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) সক্রিয় করে দেশেই ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, ফ্যাবলেট তৈরি এবং রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন সেবাদাতা টেলিটককে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিসিএসের পক্ষ থেকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করা হয়। —নিজস্ব প্রতিবেদক