ফেব্রুয়ারিতে ‘সারফেস প্রো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারি মাসে মাইক্রোসফটের ‘সারফেস প্রো’ ব্র্যান্ডের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট বাজারে আসতে পারে। ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বাজারে ‘উইন্ডোজ প্রো’ সংস্করণভিত্তিক ‘সারফেস’ ব্র্যান্ডের ট্যাবলেট বাজারে আনবে প্রতিষ্ঠানটি। এ ট্যাবলেটের দাম হবে ৮৯৯ মার্কিন ডলার। এক খবরে জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন। উইন্ডোজ প্রো সিরিজের সারফেস ট্যাবলেটে ইনটেলের তৈরি চিপ ব্যবহার করা হয়েছে ফলে এটি পূর্ণ সংস্করণের উইন্ডোজ ৮ সফটওয়্যার সমর্থন করবে।মাইক্রোসফট জানিয়েছে, ৬৪ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার ১০.৬ ইঞ্চি মাপের সারফেস ট্যাবের দাম হবে ৮৯৯ মার্কিন ডলার, ১২৮ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার ট্যাবলেটের দাম হবে আরও ১০০ ডলার বেশি। তবে দুটি সংস্করণের ক্ষেত্রেই মাইক্রোসফটের কিবোর্ড আলাদাভাবে ৯৯ ডলারে কিনতে হবে। মাইক্রোসফটের দাবি, উইন্ডোজ প্রো নির্ভর ট্যাবলেটে ব্যাটারির ক্ষমতা অনেক উন্নত করা হয়েছে। এতে ডেস্কটপ কম্পিউটারের উপযোগী অ্যাপ্লিকেশনও ব্যবহার করা যাবে।প্রসঙ্গত, ২০১২ সালের ২৬ অক্টোবর উইন্ডোজ আরটি নির্ভর সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। তবে সারফেস ট্যাবলেটের তুলনায় সারফেস প্রোতে শক্তিশালী এক্স৮৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে উন্নত এইচডি স্ক্রিন ও স্টাইলাস পেন ব্যবহারের সুবিধাও রয়েছে।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সারফেস ট্যাবলেট বাজারে এনেছে মাইক্রোসফট। বাজারে আনার প্রায় তিন মাস পার হলেও সারফেস ট্যাবলেট বিক্রির কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এদিকে, প্রায় এক কোটি ইউনিট আইপ্যাড বিক্রি করেছে অ্যাপল।