ফের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক
আজ রোববার দুপুরের দিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছে। সাইটের হোমপেজে এখন ‘সাইটের মেরামতকাজ চলছে’ এই বার্তাটি দেখানো হচ্ছে। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলো ওয়েবসাইটটি। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনডেক্স অংশটি (www.mofa.gov.bd/index.php) খুললে দেখা যায়, সেখানে ‘অ্যানোনঘোস্ট’ নামের একটি সংগঠনের লোগো, বার্তা ও একটি ছবি রয়েছে। কালো ব্যানারের ওপর লেখা এক বার্তায় বিভিন্ন দেশের সরকারের উদ্দেশে হুমকি দিয়ে বলা হয়েছে, কোনো অবিচার ও নির্যাতন সহ্য করা হবে না। বার্তার শেষাংশে বলা হয়েছে, ‘আমরা অ্যানোনঘোস্ট, আমরা সংখ্যায় অনেক, আমরা ক্ষমা করি না, আমরা ভুলে যাই না, আমাদের ভয় কর।’ওয়েবসাইটের হোমপেজ অংশে (www.mofa.gov.bd) লেখা আছে- ‘দ্য ওয়েবসাইট ইস আন্ডার মেইনটেন্যান্স অ্যান্ড কামিং সুন’। এর আগে গত ৯ ডিসেম্বর আক্রান্ত হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি।এদিকে ওয়েবসাইট হ্যাক হওয়া প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ রোববার দুপুরের দিকে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি জানতে পারি। এ ব্যাপারে দ্রুত কাজ করা হচ্ছে। বর্তমানে সাইট রক্ষণাবেক্ষণের কাজ চলছে।’ অবশ্য কারা এ ওয়েবসাইট হ্যাক করার মতো কাজ করতে পারে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো তথ্য জানানো হয়নি।