ফেসবুক, টুইটারেও এশিয়া কাপ ফাইনাল!
আজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ফাইনাল খেলা চলছে। টানটান উত্তেজনার এ খেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের ঘটনার সঙ্গে সঙ্গেই শেয়ার করা হচ্ছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে।বাংলাদেশের ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে অনেকেই তাঁদের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। এ ছাড়া ফেসবুকে বাংলাদেশের পক্ষে অসংখ্য স্ট্যাটাস পোস্ট করা হয়েছে। বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়ে ও জয় চেয়েই পোস্ট দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। টুইটারেও বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে খেলার স্কোর আপডেট করা হচ্ছে।এদিক দিয়ে পিছিয়ে নেই বাংলা ব্লগগুলোও। প্রথম আলো ব্লগসহ অন্যান্য বাংলা ব্লগেও ব্লগাররা বাংলাদেশের ক্রিকেট দলকে নিয়ে পোস্ট করে চলেছেন অসংখ্য ব্লগ। টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম ফিল্ডিং নেওয়ার পর থেকে প্রতিটি উইকেট পতনের পর ফেসবুক, টুইটার, ব্লগে বাংলাদেশ দলের প্রতিটি সাফল্যে আবেগ-আনন্দে মেতে উঠেছেন প্রযুক্তিপ্রেমীরাও।