ফেসবুক অ্যাপ থেকে মেসেঞ্জার বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক
ফেসবুক

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) থেকে এবার মেসেঞ্জার সুবিধা বাদ দেওয়া হচ্ছে। গ্রাহকদের আরও উন্নত সুবিধা দিতে ফেসবুকের রয়েছে আলাদা মেসেঞ্জার অ্যাপ। ফেসবুক মূল অ্যাপ থেকে এ সুবিধা বাদ পড়ায় আলাদাভাবে ম্যাসেঞ্জারের মাধ্যমে চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ স্মার্টফোনে অ্যাপ ব্যবহারকারীদের অবশ্যই আলাদাভাবে ফেসবুক মেসেঞ্জার ইনস্টল করে ব্যবহার করতে হবে। এর ফলে একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার ও ফেসবুক অ্যাপ ইনস্টল করা থাকলে ফেসবুক অ্যাপ থেকে চ্যাট করা যাবে।
এ বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘আমরা ইতিমধ্যে ব্যবহারকারীদের এ বিষয়ে জানানো (নোটিফিকেশন) শুরু করেছি। আশা করছি, ফেসবুকের মূল অ্যাপের চেয়ে ফেসবুক মেসেঞ্জারটি অ্যাপটি ব্যবহার করে ব্যবহারকারীরা আরও উন্নত সেবা পাবেন।’ এ ছাড়া ফেসবুকের অ্যাপের চ্যাটের চেয়ে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে ২০ শতাংশ বেশি দ্রুতগতিতে চ্যাট করা সম্ভব বলেও জানান তিনি।
আগামী দুই সপ্তাহের মধ্যেই ফেসবুকের মূল অ্যাপ থেকে চ্যাট করার সুবিধা বন্ধ হয়ে যাবে। তবে কম্পিউটারে ফেসবুক থেকে চ্যাটের সুবিধা আগের মতোই থাকছে। পাশাপাশি উন্নত কণ্ঠ সুবিধাযুক্ত সেবা দেওয়ার ব্যাপারেও কাজ করছে ফেসবুক। এ জন্য হোয়াটস অ্যাপকে ব্যবহার করা হতে পারে বলেও ধারণা করছেন সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগের পাশাপাশি বার্তা আদান-প্রদানের কাজটিকে আরও সহজে ব্যবহারকারীদের দিতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে ফেসবুক। এরই অংশ হিসেবে উন্নত সুবিধাযুক্ত ম্যাসেঞ্জার অ্যাপটি প্রকাশ করা হয়েছে।
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম