ফেসবুক আবারও হঠাৎ অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক
ফেসবুক

গতকাল রাতে হঠাৎ করেই ১৫ মিনিটের বেশি সময় ধরে বন্ধ হয়ে যায় ফেসবুক। এ সময় ফেসবুকে ঢুকতে পারেননি বিশ্বজুড়ে ফেসবুকের অনেক ব্যবহারকারী। এ সময় ফেসবুকে গেলে তাঁরা একটি বার্তা দেখতে পান। ওই বার্তায় ফেসবুকে অজানা গোলযোগের ঘটনা জানতে পারেন ব্যবহারকারীরা। পরে অবশ্য আস্তে আস্তে আবারও সক্রিয় হয়ে ওঠে প্রায় ১৩০ কোটি সদস্যের এই সাইটটি। এক খবরে আইএএনএস এ তথ্য জানিয়েছে।

হঠাৎ ফেসবুক অচল হওয়ার কারণ হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অবকাঠামোগত পরিবর্তনের সময় একটি ত্রুটির কারণে এ সমস্যা তৈরি হয়।’

ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা দ্রুত সমস্যা ধরতে পারি এবং তা সমাধান করি। এরপর থেকে সবাই আবার স্বাভাবিকভাবেই ফেসবুক ব্যবহার করতে পারছেন।’

গত মে মাস থেকে এ পর্যন্ত তিনবার ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটল। গতরাতে ফেসবুক বন্ধ থাকায়, ক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে। টুইটারের মতো অন্য সাইট গুলোতে সেই ক্ষোভ উগরে দেন অনেকেই।

এর আগে গত জুন মাসে আধ ঘণ্টার জন্য ফেসবুক অচল হয়ে পড়লে অনেকেই হতাশার কথা বলতে টুইটারকে বেছে নেন। ওই সময় ফেসবুকে ঢুকলে একটি বার্তা দেখতে পান ব্যবহারকারীরা যাতে লেখা ছিল ‘সরি সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান’। এই ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের হঠাত্ অচল হয়ে পড়ার কারণ কী? ফেসবুকের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে ওই সময় জানিয়েছেন, আমাদের একটি সফটওয়্যার সিস্টেমের কনফিগারেশন আপডেট করতে গিয়ে একটি সমস্যা দেখা দেয়। এর ফলে কিছু সময়ের জন্য ফেসবুক ব্যবহার করতে পারেননি ব্যবহারকারীরা। ফেসবুকের একটি সফটওয়্যারে পরিবর্তন আনার সময় যে সমস্যা দেখা দিয়েছিল আমরা দ্রুত তা সমাধান করে আধ ঘণ্টার মধ্যে পুরোপুরি আবার ফেসবুককে ঠিক করে ফেলি।

ফেসবুকের ওই মুখপাত্র ইমেইলে আরও জানান, এ ধরনের সমস্যা সাধারণত সব সময় ঘটে না। এ ধরনের সমস্যা হলে তা থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা ভবিষ্যতে ফেসবুককে আরও নির্ভরযোগ্য করে তুলতে সাহায্য করে।

 আরও পড়ুন: